
অভিনেত্রী রাধিকা আপ্তে বলিউডে স্রোতের বিপরীতে হাঁটা এক নায়িকা। পাশের বাড়ির মেয়ের মতো রাধিকার সাদামাটা সাজপোশাক ভক্তদের হৃদয়ে দাগ কেটে যায়। সেই রাধিকার দেখাই মিলল রাজকন্যার সাজপোশাকে। গতকাল শুক্রবার ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিনে রাধিকা আপ্তে র্যাম্পে হাঁটেন শৈলেশ সিংঘানিয়ার পোশাকে। এই প্রদর্শনীর নাম ছিল ‘উইন্টার রোজ’। সেখানেই রাজকন্যা বেশে ধরা দেন রাধিকা।
শো শেষে কথা হয় রাধিকা আপ্তের সঙ্গে। তিনি জানান, রাজকন্যাসুলভ পোশাক পরলেও মন থেকে তিনি মাটির মানুষ। নিজের ব্যক্তিত্বের বিপরীতে গিয়ে এমন পোশাক পরার কারণ জানতে চাইলে রাধিকা বলেন, ‘ইতিহাস আমাকে টানে। আর শৈলেশ এবার কাজ করেছেন ইতিহাস নিয়ে। এ কারণেই রাজকন্যা হয়ে গেলাম।’ ‘উইন্টার রোজ’ কালেকশনের পোশাকগুলো ১৯৩০-৪০ দশকের রাজকন্যাদের সাজপোশাক থেকে অনুপ্রাণিত হয়ে নকশা করা। সে সময় উপমহাদেশের রাজকন্যারা যে পোশাকে যে সাজে ইউরোপ-আমেরিকায় ঘুরতে যেতেন, তেমনভাবেই এই কালেকশনের পোশাকগুলো তৈরি করা।
রাধিকা সম্প্রতি শেষ করলেন প্যাডম্যান ছবির কাজ। এখন ব্যস্ত বাজার ছবির শুটিংয়ে।
সোনা মহাপাত্রের চাই ঢাকাই জামদানি
ঢাকাই জামদানি ও গানের টানে বাংলাদেশে আসছেন ভারতীয় সংগীতশিল্পী সোনা মহাপাত্র। মুম্বাইয়ের ল্যাকমে ফ্যাশন উইকে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত আনাভিলা মিশ্রর পোশাক প্রদর্শনীতে দর্শক হয়ে এসেছিলেন তিনি। সেখানেই সোনা জানালেন, আগামী মাসে একটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে তিনি ঢাকায় আসছেন। এবার ঢাকায় এসে তিন কিনবেন বেশ কিছু জামদানি শাড়ি।

গত এপ্রিলে বাংলাদেশের সংগীত তারকা বাপ্পা মজুমদারের সুর করা গানে কণ্ঠ দেন সোনা মহাপাত্র। সেই দ্বৈত গানে শোনা যাবে বাপ্পাকেও। বাংলায় ‘বন্ধু রে’ শিরোনামের গানটি লিখেছেন শাহান কবন্ধ। আর হিন্দিতে গানটি সোনার কণ্ঠে শোনা যাবে ‘সাওরিয়া’ নামে। হিন্দিতে কথাগুলোর ভাবানুবাদ করেছেন নুসরাত বদর।
সনি ডিএডিসির ব্যানারে নির্মিত এই গান নিয়ে সোনা বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘খুবই দারুণ এক অভিজ্ঞতা হলো বাংলাদেশে কাজ করে, বাপ্পা মজুমদারের সঙ্গে কাজ করে। শিগগিরই বাংলাদেশে যাব। এখন প্রস্তুতি নিচ্ছি শুটিংয়ের।’
বাংলাদেশে এসে গানে আর গানের ভিডিওর শুটিংয়ের বাইরে বিশেষ কী কী করার পরিকল্পনা আছে? এই প্রশ্নের জবাবে সোনা বলেন, ‘ঢাকাই জামদানি চাই আমি। এবার গিয়ে বেশ কয়েকটি জামদানি কিনব। একবার বাংলাদেশে গাইতে গিয়েছিলাম, তখন এক ভক্ত আমাকে একটি জামদানি উপহার দিয়েছিলেন। এরপর থেকে আমি জামদানির ভক্ত হয়ে গেছি।’