যে শহরে বসছে রাজকুমার আর পত্রলেখার বিয়ের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্রলেখা রাজকুমার রাওয়ের কাছ থেকে নানা বিষয়ে টিপস নেন। ছবি: ইনস্টাগ্রাম

একের পর এক তারকার বিয়ের খবরে জমজমাট বলিউড। গতকাল দুই বলিউড ‘লাভ বার্ড’ ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বাগদানের খবরে রীতিমতো শোরগোল বিটাউনে। আজ আবার ছায়াছবির দুনিয়ার আরেক জুটির বিয়ের খবর নিয়ে মুখর নেট দুনিয়া। জোর আলোচনা এ মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড নায়ক রাজকুমার রাও আর পত্রলেখা। আর তাঁদের বিয়ের জোরদার প্রস্তুতি চলছে।
বেশ কিছুদিন আগে গুঞ্জন ছিল যে রাজকুমার আর পত্রলেখার বিয়ের আসর ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত বসতে চলেছে। গুঞ্জন এবার সত্যি হতে চলেছে। এখন এই বিয়েকে ঘিরে আরও কিছু তথ্য ফাঁস হয়েছে।

ঘুরে বেড়াতে খুবই ভালোবাসে রাজকুমার রাও ও পত্রলেখা জুটি।

জানা গেছে, বিয়ের আসর বসছে ভারতের গোলাপি শহর, অর্থাৎ রাজস্থানের জয়পুরে। রাজকুমার আর পত্রলেখা তাঁদের বিয়ের নিমন্ত্রণ পর্ব এখনো সেরে উঠতে পারেননি। তাঁদের বিয়ের অতিথি তালিকা বেশ ছোট। পরিবার ছাড়া খুব ঘনিষ্ঠ কিছু লোককে বিয়েতে আমন্ত্রণ জানাচ্ছেন তাঁরা। আরও জানা গেছে, সব রীতিনীতি মেনে সাবেকি ধারায় রাজকুমার আর পত্রলেখার বিয়ে হবে।

১০ বছর ধরে রাজকুমার আর পত্রলেখা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনোই কোনো রাখঢাক করেননি তাঁরা। কয়েক বছর আগে রাজকুমার রাওয়ের সঙ্গে প্রথম আলোর এক সাক্ষাৎকারে উঠে এসেছিল পত্রলেখার সঙ্গে বিয়ের প্রসঙ্গ।

তাঁদের সম্পর্কের বয়স ৭ বছর। ছবি: ইনস্টাগ্রাম

আর তখন লাজুক হেসে এই বলিউড নায়ক বলেছিলেন, ‘এখন দুজনই শুধু মন দিয়ে কাজ করতে চাই। নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চাই। বিয়ের ব্যাপারে এখনো কিছু ভাবিনি।’ ভাঙাচোরা বাংলায় বেশ কিছু কথা বলে রাজকুমার বুঝিয়ে দিয়েছিলেন যে পত্রলেখার কাছে তাঁর বাংলা শেখার তালিম বেশ ভালোই হচ্ছে।