রাজকুমার ও পত্রলেখার বাগদান সম্পন্ন, আজ বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত পাকে বাঁধা পড়ার জন্য তৈরি বলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা পাল।
ইনস্টাগ্রাম

দুজনেই হাঁটু গেড়ে বসলেন। একজন আরেকজনের আঙুলে পরিয়ে দিলেন আংটি। বন্ধুরা হুল্লোড় করে উঠল। সব জল্পনা-কল্পনা সত্যি করে অবশেষে সাত পাকে বাঁধা পড়ার জন্য তৈরি বলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা পাল। তাঁদের বিবাহপূর্ব অনুষ্ঠানের ভিডিও ও ছবি এখন ঘুরছে অনলাইনে।

যদিও এর আগে ১০ নভেম্বর চণ্ডীগড়ে চার হাত এক হওয়ার কথা জানা গিয়েছিল। কিন্তু সেটি হয়নি। গতকাল রাতে দুই তারকার একাধিক ঘনিষ্ঠ বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিবাহপূর্ব অনুষ্ঠানের ছবি ও ভিডিও পোস্ট করে। সেখান থেকে বোঝা গেল বাগদান শেষ, এখন বিয়ের জন্য তাঁরা প্রস্তুত।

বাগদানের অনুষ্ঠান হয়েছে নিউ চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখভিলা হোটেলে
ইনস্টাগ্রাম

ভিডিও ও ছবিতে রাজকুমার ও পত্রলেখাকে সাদা পোশাকে দেখা যায়। পার্টির থিমও ছিল সাদা-রুপালি। এই অনুষ্ঠান হয়েছে নিউ চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখভিলা হোটেলে। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। টাইমস অব ইন্ডিয়া বলছে, সেখানে হুমা কুরেশি, সাকিব সেলিম, ফারাহ খানও উপস্থিত ছিলেন।
বাগদানের ওই ভিডিওতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার। বলেন, ‘উইল ইউ ম্যারি মি?’ সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলেন পত্রলেখা। পত্রলেখাও পরে রাজকুমারকে একইভাবে প্রস্তাব দেন এবং আংটি বদল হয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আজকেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা।

‘সিটি লাইটস’ ছবির এই জুটি এবার বাস্তবেও জুটি হয়ে গেলেন
সংগৃহীত

‘সিটি লাইটস’ ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন রাজকুমার রাও ও পত্রলেখা পাল। রাজকুমার জানিয়েছিলেন, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে পত্রলেখাকে দেখে মনে হয়েছিল, এই মেয়েকে বিয়ে করতে হবে।