রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কমল হাসান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমল হাসান
কমল হাসান

একের পর এক টুইট বার্তায় বোমা ফাটাচ্ছেন জনপ্রিয় অভিনেতা কমল হাসান। চলতি সপ্তাহের শুরুতে নতুন দল গঠনের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন তিনি। আজ শুক্রবার সকালে তামিলনাড়ুর ক্ষমতাসীন এআইএডিএমকে দলের সমালোচনা করে আবারও টুইট করেন তিনি। লিখেছেন, ‘কাজ না করলে বেতন বন্ধ, এটা কি শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য? ঘোড়া মার্কা রাজনীতিবিদদের তাহলে কী হবে? শিক্ষকদের ধর্মঘটের বিষয়ে আদালত সতর্ক করে দিয়েছে। আমি আদালতের কাছে অনুরোধ করছি, যেসব আইনপ্রণেতা তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকেন, সেসব বিধায়কদের ক্ষেত্রেও যেন একই ধরনের সতর্কতা জারি করা হয়।’

রাজ্যের ৩৩ হাজার শিক্ষক বেতন বাড়ানোর জন্য ধর্মঘট করছেন। ক্লাসে অনুপস্থিত থাকলে এসব শিক্ষকের বেতন-ভাতা দেওয়া হবে না বলে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়। গত বুধবার মাদ্রাজ হাইকোর্টও ক্লাস বর্জন করে বিক্ষোভ করায় শিক্ষকদের সতর্ক করেন। গতকাল বৃহস্পতিবার পলানিস্বামী সরকার আদালতকে জানায়, আন্দোলনের জন্য ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষকদের ছুটি অননুমোদিত বলে বিবেচিত হবে এবং তাদের অর্থ পরিশোধ করা হবে না। এ সিদ্ধান্তের সমালোচনা করে আজ এই টুইট করেন ৬২ বছর বয়সী এই অভিনেতা।

কমল হাসান কয়েক মাস ধরেই রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে টুইট করে আসছেন। আর সে ক্ষেত্রে তিনি এআইএডিএমকে সরকারকে লক্ষ্য করে তির ছুড়ছেন। ধারণা করা করা হচ্ছে, তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে তিনি এ বিষয়ে তাঁর ভক্তদের এখনো স্পষ্টভাবে কিছু না জানালেও তার কর্মকাণ্ডে এটা বোঝা যাচ্ছে যে শিগগিরই রাজনীতিবিদ কমল হাসানের দেখা মিলবে। এনডি টিভি