রাধিকা অভিনয় দেখিয়ে কাজ পান

নিন্দুকেরা যা-ই বলুক, বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে বলেছেন, কাউকে ধরেবেঁধে নয়, নিজের অভিনয়প্রতিভা দিয়েই ছবিতে কাজ পান তিনি। তিনি বলেন, ‘আমি পরিচালকদের বলি না, “আমাকে নাও, আমাকে নাও।”’
রাধিকা বলেন, ঠিকঠাক অডিশন হলে তিনি চরিত্রের জন্য সেখানে যান। যোগ্য হলে পরিচালকেরা অবশ্যই তাঁকে প্রস্তাব দেবেন।
তবে রাধিকা বিশেষ ছবিতে অভিনয়ের জন্য নিজের আগ্রহের কথা বলেন। এই যেমন রজনীকান্তের ‘কাবালি’তে অভিনয়ের ইচ্ছার কথা তিনি জানিয়েছিলেন। কিন্তু চরিত্রের জন্য তিনি নাকি কারও পেছন-পেছন ঘুরঘুর করেন না।
রাধিকা বলেন, নিজের অভিনয় ক্ষমতা বিচার করা তাঁর জন্য কঠিন। ‘আমি নিজেকে পর্দায় দেখা শুরু করেছি খুব সম্প্রতি। এখানে আমি দেখতে পাই, কোথায় আমি ভুল করেছি। আমাকে সাহায্য করছে এটা। কিন্তু বাকি সময় আমি এর থেকে দূরে থাকি।’
রাধিকা তাঁর ছবি ‘অন্তহীন’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘অহল্যা’, ‘ফোবিয়া’, ‘কৃতি’, ‘বদলাপুর’ দিয়ে বিখ্যাত। ইতিমধ্যে অভিনয় করেছেন বাংলা, হিন্দি, মারাঠি, তেলেগু, তামিল ও ইংরেজি ভাষার ছবিতে। প্রতিটি ছবি করার আগে তিনি ছোট একটি বিরতি নেন। রাধিকা আপ্তে বলেন, ‘ছবির জন্য আমি শুটিং করি। তারপর ছুটি নিই। পরবর্তী সময়ে কী করব, সে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছুটিটা ব্যবহার করি।’ হিন্দুস্তান টাইমস