রাধিকার বাড়িতে সেদিন পার্টি ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন বলিউডের অভিনেত্রীরা খোলা খাতা। কিছুদিন আগেই বলিউড তারকা সোনম কাপুর নিজের ‘মাসিক’ নিয়ে বলেন, ‘মাসিকের ওই কদিন দাদি আমাকে মন্দিরে যেতে নিষেধ করতেন। আরও অনেক কিছু নিয়ম মেনে চলতে হতো।’ নিজের মাসিকের প্রথম দিনের কথা প্রকাশ্যে বললেন আরেক বলিউড তারকা রাধিকা আপ্তে।

গতকাল বুধবার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে মুক্তি পেয়েছে আর বাল্কি পরিচালিত ‘প্যাডম্যান’ ছবির প্রথম গান। গেয়েছেন অরিজিৎ সিং। চার দিন আগে অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এরই মধ্যে ট্রেলারটি দারুণ সাড়া ফেলেছে। গানটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘প্যাডম্যান’ ছবির নায়ক অক্ষয় কুমার, নায়িকা রাধিকা আপ্তে, পরিচালক-গল্পকার আর বাল্কি এবং প্রযোজক টুইঙ্কল খান্না।

‘প্যাডম্যান’ ছবি নিয়ে অক্ষয় কুমার সাংবাদিকদের বলেন, ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিটি সরকার দূরদর্শনে দেখিয়েছে। সরকার পেনড্রাইভে করে গ্রামে গ্রামে ছবিটির প্রদর্শনী করেছে। ‘প্যাডম্যান’ ছবির ক্ষেত্রেও তা-ই করা হবে। এই সচেতনতামূলক কাজে অক্ষয় কুমার নিজেও থাকবেন। আর এ কাজে সরকার ছবিটির পাশে থাকবে। এই ছবি থেকে অর্থ উপার্জন উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো স্যানিটারি ন্যাপকিনের ব্যাপারে সচেতনতা গড়ে তোলা।

অক্ষয় কুমার বলেন, ‘আমার মনে হয় “প্যাডম্যান” ছবি দেখার পর মাসিককে ঘিরে যেসব কুসংস্কার প্রচলিত আছে, আমরা আশা করছি তা দূর হবে। আমরা দেখেছি মাসিকের কদিন মেয়েদের ওপর অনেক বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়। আচারে বা পাঁপড়ে হাত দেওয়া যাবে না, এসব নানা কুসংস্কার এখনো প্রচলিত আছে।’

‘প্যাডম্যান’ ছবির গানের প্রকাশনা অনুষ্ঠানে অক্ষয় কুমার ও রাধিকা আপ্তে। ছবি: প্রথম আলো
‘প্যাডম্যান’ ছবির গানের প্রকাশনা অনুষ্ঠানে অক্ষয় কুমার ও রাধিকা আপ্তে। ছবি: প্রথম আলো

অক্ষয় কুমার এ ব্যাপারে পুরুষদেরও সচেতন করতে চান। তিনি বলেন, ‘আমার এই ছবি দেখার পর পুরুষদের মধ্যেও মাসিক নিয়ে কোনো দ্বিধা থাকবে না। কারণ ছবির ট্রেলার মুক্তির পর দেখেছি কয়েকজন যুবক স্যানিটারি ন্যাপকিন নিয়ে আলোচনা করছেন। এটা এর আগে কখনো দেখিনি। আমার খুব ভালো লেগেছে।’

‘প্যাডম্যান’ ছবির নায়িকা রাধিকা আপ্তের বাড়িতে ‘মাসিক’কে ঘিরে কোনো বিধিনিষেধ ছিল? রাধিকা বলেন, ‘আমি চিকিৎসক পরিবারের মেয়ে, তাই আমাকে এ ব্যাপারে শুরুতেই বোঝানো হয়। আমার মাসিকের প্রথম দিন বাড়িতে পার্টি রেখেছিল। কিন্তু শরীর থেকে ক্রমাগত রক্তপাত হচ্ছিল বলে তখন মন খুব খারাপ ছিল। পরে সবাই যখন উপহার দেয়, তখন মন ভালো হয়ে যায়।’

রাধিকা আরও বলেন, ‘প্রথমে দোকানে গিয়ে ন্যাপকিন কিনতে কুণ্ঠাবোধ করতাম। পরে দোকানে গিয়ে জোরে বলতাম।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমারের স্ত্রী, এই ছবির প্রযোজক ও সাবেক বলিউড তারকা টুইঙ্কল খান্না। তাঁর কাছে সাংবাদিকের প্রশ্ন ছিল, তিনি আবার অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসতে চান? তার জবাবে টুইঙ্কল খান্না গুনগুনিয়ে গেয়ে ওঠেন আমির খানের সঙ্গে তাঁর ‘মেলা’ ছবির গান ‘মেলা দিলো কা আতা হ্যায়’। এরপর হেসে বললেন, ‘পর্দার পেছনে আমরা সুখে আছি।’

পরিচালক আর বাল্কি ছবিটির ভাবনা নিয়ে বলেন, ‘আমার স্ত্রী গৌরী একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ন্যাপকিনের ছবি পাঠায়। তখন আমি বিদেশে ছিলাম। আমি সেই ছবি দেখিয়ে তাঁর জন্য ন্যাপকিন কিনেছি। আমার মধ্যে কিন্তু এতটুকু দ্বিধা ছিল না।’

আর বাল্কি পরিচালিত ‘প্যাডম্যান’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় খান্না, রাধিকা আপ্তে ও সোনম কাপুর। ছবিটি আগামী বছরের ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।