রাধিকার হুংকার

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রীতিমতো হুংকার দিয়ে উঠলেন। এমনকি আলোকচিত্রীদের তোলা ছবি মুছে ফেলতে বাধ্যও করলেন। রাধিকার কী এমন ছবি তুলেছিলেন তাঁরা যে বলিউড সুন্দরী এত রেগে গেলেন? ক্যামেরার সামনে বরাবরই সাহসী তিনি। এমনকি হামেশাই রাধিকা জড়িয়ে পড়েন নানা ‘এমএমএস স্ক্যান্ডাল’-এ। বিতর্ক তাঁর পিছু ছাড়ে না বলা যায়। তবে এবার ঘটনাটা অন্য রকম।
রাধিকাকে দেখা যায় মুম্বাইয়ের এক অভিজাত এবং জনপ্রিয় শপিং মলে। না, বলিউড সুন্দরী কেনাকাটায় ব্যস্ত ছিলেন না। তিনি তাঁর আগামী ছবি বাজার-এর শুটিং করছিলেন সেখানে। নিখিল আদভানি পরিচালিত এই ছবিতে রাধিকা ছাড়া সাইফ আলী খান এবং প্রয়াত অভিনেতা বিনোদ মেহেরার ছেলে রোহন মেহেরাকে দেখা যাবে। বাজার ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হবে রোহনের। রাধিকা এই ছবিতে তাঁর সাজ-পোশাক এখনই প্রকাশ্যে আনতে চান না। মধ্যাহ্ন বিরতির পর অভিনেত্রী যখন তাঁর ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে শুটিংস্থলের দিকে রওনা দেন, তখন তাঁকে রীতিমতো ঘিরে ধরেন আলোকচিত্রীরা। রাধিকার ‘বাজার লুক’ তখন ক্যামেরাবন্দী করেন তাঁরা। তখনই ভীষণ রেগে যান এই বলিউড সুন্দরী। আলোকচিত্রীদের উদ্দেশে রাধিকা চিৎকার করে বলেন, ‘আমার অনুমতি ছাড়া আপনারা আমার ছবি তোলার সাহস কোথা থেকে পেলেন?’ দু-একজন ফটোগ্রাফার এ কথা শুনে পালিয়ে বাঁচলেও বাকিরা রাধিকার তোপের মুখে পড়েন। অভিনেত্রী সবাইকে বাধ্য করেন তাঁর ছবি ক্যামেরা থেকে মুছে ফেলতে।