রানা দাগুবাতির হবু স্ত্রী কে

‘বাহুবলী’খ্যাত অভিনেতা রানা দাগুবাতি। ভিলেন হিসেবে পরিচিত হলেও নায়ক হয়েছেন কিছু ছবিতে। এবার বাস্তব জীবনের নায়িকার হাত ধরে ফেললেন এই দক্ষিণ ভারতীয় অভিনেতা। সম্প্রতি বাগদান হলো তাঁর। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম এ খবর করেছে। রানা দাগুবাতিও টুইটারে শেয়ার করেছেন হবু স্ত্রীর ছবি।
কিছুদিন আগেই মা হয়েছেন কোয়েল মল্লিক। গর্ভবতী হওয়ার খবর দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। এবার রানা দাগুবাতির বাগদান। ভারতে যেন লকডাউনে সুখবর বইতে শুরু করেছে।
গত মঙ্গলবার অভিনেতা রানা দাগুবাতি ডিজাইনার মিহিকা বাজাজের সঙ্গে নিজের বাগদানের কথা ঘোষণা দেন। তাঁর টুইটারে মিহিকার সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান, তাঁর প্রস্তাবে সাড়া দিয়েছেন মিহিকা। তাঁকে ‘হ্যাঁ’ বলেছেন।
চলুন এবার জানা যাক দাগুবাতির হবু স্ত্রীর আদ্যোপান্ত। হবু স্ত্রী মিহিকা বাজাজ পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও নামে একটি ইভেন্ট শুরু করেছেন। দুজনের দেখা, অবশেষে তা প্রেমে কীভাবে রূপান্তরিত হয়েছে, তা যদিও জানা যায়নি। তবে দুজনকে বিয়ের পিঁড়িতে দেখতে আর তর সইছে না দক্ষিণ ভারতের রানাভক্তদের, এ বলে দেওয়া যায়।
রানা দাগুবাতির সাইনবোর্ড ‘বাহুবলী’। তা ছাড়া দক্ষিণ ভারতে একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছেন। লকডাউনে বন্ধ সব কাজ। দুটি ছবি আছে মুক্তির দোরগোড়ায় ‘হাতি মেরে সাথি’ ও ‘বিরাটপর্বম’। ‘হাতি মেরে সাথি’ ছবিতে তাঁর সঙ্গে আছেন বিশাল, পুলকিত সম্রাট এবং শ্রিয়া পিলগাঁওকার। ‘বিরাটপর্বম’-এ আছেন সাঁই পল্লবী, প্রিয়মণি ও নন্দিতা দাস।