রানি, দীপিকা, সোনাক্ষী, জ্যাকুলিনের নামে ভুয়া রেশন কার্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, সোনাক্ষী সিনহা ও জ্যাকুলিন ফার্নান্দেজ
রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, সোনাক্ষী সিনহা ও জ্যাকুলিন ফার্নান্দেজ

আপনি কি জানেন কোটি কোটি রুপি আয়ের বলিউড তারকা রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, সোনাক্ষী সিনহা, আর জ্যাকুলিন ফার্নান্দেজের বিয়ে হয়েছে ভারতের উত্তর প্রদেশের ফারুখাবাদ জেলার সাহেবগঞ্জ গ্রামে? তাঁরা ৪ জনই রেশন কার্ড করেছেন। সে রেশন কার্ড ব্যবহার করে প্রতি মাসে ভর্তুকিতে চাল, গম, কেরোসিনও বাড়িতে নিয়ে যান!

বিশ্বাস হচ্ছে না? কিন্তু কাগজ-কলম কিন্তু এটাই বলছে।
সরকারি কাগজ অনুসারে, এই চার জনপ্রিয় তারকা নাকি বিয়ে করেছেন উত্তর প্রদেশের চার ব্যক্তিকে। এ ক্ষেত্রে অবশ্য রানি মুখার্জির স্বামীর নামটা একটু বদলে গেছে। আদিত্য চোপড়া জায়গায়, রানির স্বামী নাম দেওয়া হয়েছে রাম স্বরূপ। দীপিকা পাড়ুকোনের স্বামী রাকেশ চন্দ। সোনাক্ষী সিনহা বিয়ে করেছেন দীপিকার দেবরকে, স্বামীর নাম রমেশ চন্দ আর জ্যাকুলিন ফার্নান্দেজের স্বামী সাধু লাল।
কিন্তু নিয়মিত রেশন কিনতে যাওয়া কয়েক জন গ্রামবাসীর নজরে পড়ে যায় বিষয়টি। তাঁরাই দেখতে পান দোকানের মধ্যে পড়ে থাকা বলিউড নায়িকাদের নামাঙ্কিত ভুয়া রেশন কার্ডগুলো।
সাহেবগঞ্জ গ্রামের এই ঘটনা সামনে আসার পর থেকেই হই হই রব পড়ে যায়। গ্রামবাসীরাই রেশন পরিবেশকের বিরুদ্ধে কারচুপির অভিযোগ জানান থানায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, চার নায়িকার নামে ভুয়া রেশন কার্ড বানিয়ে রেশন তুলে নিতেন ওই পরিবেশক। আর সেই রেশন পরে বেশি দামে বিক্রি করতেন। বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এর পেছনে কোনো চক্র কাজ করছে কি না তা জেনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, বলিউড নায়িকাদের স্বামীর স্থানে যে নামগুলো রয়েছে তাঁদেরও কোনো অস্তিত্ব নেই।
মজার ব্যাপার হলো, প্রত্যেক অভিনেত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে মাত্র ১৮ হাজার ভারতীয় রুপি। ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে