রানির ঘরে রাজকন্যা

রাজাকে পেয়েছিলেন আগেই। এবার রানর কোল আলো করে এল রাজকন্যাও। গতকাল মুম্বাইয়ের একটি হাসপাতালে জন্ম নিয়েছে রানী মুখার্জি ও আদিত্য চোপড়ার প্রথম সন্তান। নাম রাখা হয়েছে আদিরা।আদিত্যর ‘আদি’ আর রানীর ‘রা’ মিলিয়েই কি এমন নাম? এ নিয়ে অবশ্য কিছু বলেননি আদিরার মা-বাবা। তবে আদিরা নামের সুন্দর মানেও পাওয়া যাচ্ছে। বিদ্যুচ্চমক, শক্তিশালী।প্রথমবারের মতো মা হওয়ার সঙ্গে কি আর কিছুর তুলনা চলে? নিরেট কালো অক্ষরের শব্দমালার সাধ্য কী সেই অনুভূতি বোঝায়! তবু কিছু তো বলতেই হয়। রানী তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী আর ভক্তদের ধন্যবাদ জানাই। আজ আমরা আমাদের জীবনে দেওয়া ঈশ্বরের সবচেয়ে বড় উপহারটি পেলাম আদিরার মধ্য দিয়ে। অনেক আনন্দ নিয়ে আমাদের জীবনের এই নতুন অধ্যায়ে পা রাখলাম।’
দীর্ঘ প্রেম এবং অনেক টানাপোড়েনের পর গত বছরের এপ্রিলে বিয়ে করেন রানী ও আদিত্য। পুরো বলিউড অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে এই দম্পতিকে। সুখে থাকুক আদিরা। হিংসা-রক্তস্নাত এই পৃথিবী আদিরাদের ভালোবাসায় শুদ্ধ হোক। পিটিআই।