রানী নয়, রানীর ছবির সমালোচনায় আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান-রানী মুখার্জি
আমির খান-রানী মুখার্জি

রানী মুখার্জি অভিনীত ‘মারদানি’ ছবির সমালোচনা করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খান। তাঁর মতে, ছবিটিতে মাত্রাতিরিক্ত সহিংসতা তুলে ধরা হয়েছে, যা শিশুদের দেখা উচিত নয়। অবশ্য ছবিটিতে রানীর অভিনয়ের প্রশংসা করেছেন তাঁর বন্ধু ও সহকর্মী আমির খান।

সম্প্রতি ‘মারদানি’ সম্পর্কে মতামত জানতে চাইলে ছবিটির সমালোচনা করে আমির বলেন, ‘ছবিটিতে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যা শিশুদের শোনার উপযোগী নয়। আমি চাই না, আমার কিংবা অন্য কারও শিশু শব্দগুলো শুনুক। তা ছাড়া, ছবিটিতে যে ধরনের সহিংসতা তুলে ধরা হয়েছে, ছোট বাচ্চাদের তা দেখা উচিত নয়। আট বছরের একটি শিশু এমন সহিংসতা দেখুক, তা আমি কোনো অবস্থাতেই চাইতে পারি না।’ এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

আমির আরও বলেন, ‘আমি জানি, ছবিটি সম্পর্কে রানীর মতামত আমার মতো হবে না। আমি রানীকে অনেক শ্রদ্ধা করি। তিনি আমার কাছের একজন বন্ধু। ‘‘মারদানি’’ ছবিতে তাঁর অভিনয় অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু তার পরও আমি বলব, ছবিটিতে এমন কিছু সহিংসতা দেখানো হয়েছে যা শিশুদের দেখার উপযোগী নয়।’

আমির মনে করেন, শিশুদের প্রতি বড়দের সংবেদনশীলতার মাত্রা কমে গেছে। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের সামনে কী ধরনের সহিংসতা আমরা তুলে ধরছি, তা নিয়ে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। আমি নিজেও একজন সৃষ্টিশীল মানুষ। কিন্তু তার পরও আমি অনুভব করি, শিশুদের আমি কী দেখতে দিচ্ছি সে ক্ষেত্রে আমাকে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমাকে অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে।’

নারী ও শিশু পাচার এবং নারীদের জোর করে অন্যায় কাজে বা পেশায় ব্যবহার করার বিষয়বস্তু নিয়ে নির্মিত হয়েছে ‘মারদানি’। ছবিটিতে নারী পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে নারী পুলিশ কর্মকর্তা রানীকে। ‘গুলাম’ ছবিতে রানীর সহ-অভিনেতা আমির খান ‘মারদানি’ দেখার অভিজ্ঞতা জানিয়ে বলেছিলেন, ‘“মারদানি” দেখলাম। অবশ্যই দেখতে হবে, এমন একটি ছবি এটি। এমনটি যে কারও সঙ্গেই ঘটতে পারে। রানী দুর্দান্ত কাজ করেছেন।’


যশরাজ ফিল্মসের ‘মারদানি’ ছবির প্রযোজক আদিত্য চোপড়া। পরিচালক ‘পরিণীতা’খ্যাত বলিউডের চলচ্চিত্রনির্মাতা প্রদীপ সরকার। ছবিটিতে রানী ছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, প্রিয়াঙ্কা শর্মা, সানন্দ ভার্মা প্রমুখ। ২০ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তি পেয়েছে ২২ আগস্ট।