রানী-প্রিয়াঙ্কা যা পারেন, কারিনা তা পারেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা, কারিনা, রানী
প্রিয়াঙ্কা, কারিনা, রানী

যশরাজ ফিল্মসের ‘মারদানি’ ছবিতে পুলিশ চরিত্রে দেখা যাবে রানী মুখার্জিকে। আর ‘মেরি কম’ ছবিতে মুষ্টিযোদ্ধা চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। চরিত্রের প্রয়োজনে ছবিগুলোতে দুর্ধর্ষ মারকুটে দৃশ্যে অভিনয় করছেন রানী ও প্রিয়াঙ্কা। অন্যদিকে এই দুই তারকার সমসাময়িক আরেক অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনয় করছেন অ্যাকশন ঘরানার ‘সিংঘাম রিটার্নস’ ছবিতে। রোহিত শেঠির এই অ্যাকশন ছবিতে অভিনয় করলেও সম্প্রতি কারিনা জানিয়েছেন, রানী কিংবা প্রিয়াঙ্কার মতো অ্যাকশন দৃশ্যে তিনি অভিনয় করতে পারেন না।

এ প্রসঙ্গে কারিনার ভাষ্য, ‘আমি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পারি না। রানী এবং প্রিয়াঙ্কা ‘‘মারদানি’’ ও ‘‘মেরি কম’’ ছবিতে যে ধরনের চরিত্রে অভিনয় করছেন আমি তেমন চরিত্রে অভিনয়ের কথা ভাবতেও পারি না। আমার মনে হয়, এ ধরনের চরিত্রে অভিনয় করলে আমাকে খুবই হাস্যকর দেখাবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।


দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্যে রানী ও প্রিয়াঙ্কা অভিনয় করায় তাঁদের প্রশংসাও করেছেন পতৌদির নবাব পরিবারের পুত্রবধূ ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। তাঁর মতে, ‘এ ধরনের চরিত্রে অভিনয় করায় তাঁদের আমি অভিনন্দন জানাই। তাঁদের সঙ্গে দেখা হলে আমি বলব, তাঁরা দারুণ কাজ করছেন। কিন্তু আমার পক্ষে তাঁদের মতো কাজ করা সম্ভব নয়।’

এক যুগেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন কারিনা। অন্যদিকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা আলিয়া ভাট ও ‘আশিকি ২’ তারকা শ্রদ্ধা কাপুর অল্প সময়ের মধ্যেই বলিউডে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন।

নতুন অভিনেত্রীদের প্রতিদ্বন্দ্বী ভাবেন কি না জানতে চাইলে কারিনা বলেন, ‘চলচ্চিত্রে আমার নিজস্ব একটি গণ্ডি আছে। আমি তেমন কাজই করি যা করে আনন্দ পাই। নতুন কোনো অভিনেত্রীকে প্রতিদ্বন্দ্বী ভাবার প্রশ্নই ওঠে না। আমরা যে যার মতো করে কাজ করি।’ কারিনা আরও বলেন, ‘আলিয়ার সঙ্গে আমার সাক্ষাত্ হয়েছে। তাঁর ব্যক্তিত্ব খুবই চমত্কার।’