রানী মুখার্জী হাসপাতালে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী মুখার্জী
রানী মুখার্জী

সামনের বছরের জানুয়ারি মাসে প্রথম সন্তানের মুখ দেখার কথা বলিউডের অভিনেত্রী রানী মুখার্জীর। কিন্তু এরই মধ্যে এই অভিনেত্রী হাসপাতালে ভর্তি! অবশ্য রানীর এই হাসপাতালে ভর্তির পেছনের কারণ দীপাবলি উৎ​সব। এবারের দীপাবলি উৎ​সবে বোধ হয় একটু বেশিই আনন্দ করে ফেলেছিলেন তিনি। অন্তত রানীর ঘনিষ্ঠজনেরা এমনটিই জানিয়েছেন। আর এ কারণেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

রানীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দীপাবলি উৎ​সবে নিমন্ত্রণ রক্ষার্থে অনেক অনুষ্ঠানেই হাজির হতে হয়েছিল তাঁকে। সেখানে আনন্দ-ফুর্তি করে অন্তঃসত্ত্বা রানী বেশ কাহিল হয়ে পড়েছেন। শরীরের ওপর অনেক ধকল গেছে তাঁর। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত সপ্তাহের শেষ দিকে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

রানীর ঘনিষ্ঠ সূত্রটি এও জানিয়েছে, তবে বিশ্রামের কারণে এখন কিছুটা সেরে উঠেছেন তিনি। অবশ্য আরও কিছুদিন হাসপাতালেই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। এর কারণ, বাড়িতে তাঁর অনাগত সন্তানের জন্য একটি নতুন ঘর তৈরি করা হচ্ছে। ঘর তৈরির সেই শব্দ এবং ধুলোবালি থেকে বাঁচতে হাসপাতালের কক্ষে একটু নিরিবিলিতেই থাকতে চাচ্ছেন রানী।

সূত্রটি আরও জানিয়েছে, রানীর স্বামী আদিত্য চোপড়াও এমনটিই চাচ্ছেন। ‘মিসেস আদিত্য চোপড়া’ অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সংবাদমাধ্যমের চোখ এড়িয়ে আলোচনার বাইরেই থাকতে চাচ্ছিলেন। এ কারণে এ বছরের দুর্গাপূজার সময়েও আড়ালে থেকে যেন এই উৎসবকে এড়িয়েই গিয়েছিলেন। যদিও শত চেষ্টা করেও গণমাধ্যমের নজর এড়াতে পারছেন না তিনি।

২০১৪ সালে নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানী মুখার্জী। ২০১৬ সালের শুরুতেই পরিবারের নতুন অতিথির মুখ দেখবেন এই দম্পতি। মিড-ডে। এনডিটিভি।