রানীর ঘরে রাজপুত্র নাকি রাজকন্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী মুখার্জি
রানী মুখার্জি

গুজবের কারখানা প্রতিনিয়ত গুঞ্জন ছড়াচ্ছে রানী মুখার্জিকে ঘিরে। কয়েক সপ্তাহ ধরে ছড়ানো গুজবের পর এবার এল নিশ্চিত খবর। সিনেমা, শুটিং সব বাদ। রানীর এবার শুধুই পরিবারকে সময় দেওয়ার পালা। কারণ, তাঁর কোলজুড়ে আসছে নতুন অতিথি। অবশ্য এসব ব্যাপারে কোথাও কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। তবে খবরের সত্যতা স্বীকার করেছেন রানীর ভাবি টিভি অভিনেত্রী জ্যোতি মুখার্জি। বলেছেন, ‘হ্যাঁ, ঘটনা সত্য। মা হতে চলেছে রানী।’
গত বছরের ২১ এপ্রিল চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়াকে বিয়ে করেন বলিউডের এই অভিনেত্রী। সূত্র জানিয়েছে, জানুয়ারিতেই রানী-আদিত্যর ঘরে আসছে নতুন অতিথি।
জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে লন্ডনে অবস্থান করছিলেন হবু বাবা-মা। সপ্তাহ খানেক আগে ফিরেও আসেন মুম্বাইয়ে। হয়তো যাবেন আবারও। তবে এখন রানী-আদিত্য দম্পতি কোথায় আছেন, তা কেউই জানে না। তাই অনেকের প্রশ্ন, ‘চোপড়া’ পরিবারের নতুন সদস্যটি কি লন্ডনেই জন্ম নেবে? এর জবাব হলো, না। মুম্বাইতেই জন্ম নেবে অভিনেত্রী মা ও নির্মাতা বাবার প্রথম সন্তান, জানিয়েছেন রানী-আদিত্যর ঘনিষ্ঠজন। টাইমস অব ইন্ডিয়া।