রানীর মেয়ের নকল ছবি ইন্টারনেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী মুখার্জি-আদিত্য চোপড়া
রানী মুখার্জি-আদিত্য চোপড়া

গত বছর ৯ ডিসেম্বর বলিউড অভিনেত্রী রানী মুখার্জী ও নির্মাতা আদিত্য চোপড়ার প্রথম সন্তান পৃথিবীর মুখ দেখে। কিন্তু এই তারকা দম্পতির সন্তানের মুখ এখনও কেউ দেখেনি। মানে জনসমক্ষে এখনও মেয়েকে আনেননি তাঁরা। এই ব্যাপারে রানী ও আদি দুজনেই খুব সজাগ। সন্তানের ছয় মাস হয়ে গেলেও ওর কোন ছবি গণমাধ্যমে প্রকাশ হতে দেননি। কিন্তু সোমবার সকাল থেকেই রানীর একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে একটি শিশুর ছবি আপলোড করা হয়। সেই শিশুকে রানির সন্তান আদিরা বলে উল্লেখ করা হলেও আসলে সেটা ছিল একটি ভুয়া ছবি। ইন্টারনেটে অল্প সময়ের মধ্যেই সেই ছবিটি ছড়িয়ে পড়ে।
যেহেতু রানীর মেয়ের ছবি কেউ কোনদিন দেখেননি তাই অনেকেই সেই ভুয়া পোস্ট বিশ্বাস করে বসেন। এরপর আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস থেকে ঘোষণা দিয়ে জানানো হয় যে, রানীর মেয়ে বলে যে ছবি প্রকাশ করা হয়েছে সেটি আসলে রানীর মেয়ে নয়। আর ঐ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টিও ভুয়া। রানির সামাজিক যোগাযোগ মাধ্যমের কোথাও কোন অ্যাকাউন্ট নেই। তাই এমন কোন পোস্ট দেখলে তা আমলে না নেওয়ারও অনুরোধ করা হয় ভক্ত সাধারণের প্রতি। ফিল্মফেয়ার।