রাশমিকার বলিউড মিশন
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্ডানার নামের সঙ্গে ‘ক্রাশ’ শব্দটি যেন জড়িয়ে গেছে। দক্ষিণ ভারতীয় সিনেমার দেশি ফেসবুকের গ্রুপগুলোয় ঢুঁ মারলেই তা টের পাওয়া যায়। যদিও তিনি ‘কর্ণাটকি ক্রাশ’ হিসেবে আগেই পরিচিত। কিরিক পার্টি, আনজানিপুট্রা, গীতা গোবিন্দম কিংবা ডিয়ার কমরেড দিয়ে রাশমিকা রুপালি পর্দায় ঝড় তুলেছেন। দক্ষিণ ভারতীয় সিনেমার পর এবার সেই ঝড় এসে লাগবে বলিউডে। আপতত খবর এমনটাই।
ভারতের কোভার্ট অপারেশন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। মিশন মঞ্জু নামের ওই সিনেমা দিয়েই বলিউড মিশনে নামবেন রাশমিকা। বলিউডে প্রথম ছবিতে রাশমিকা সঙ্গী হিসেবে পাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রাকে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আরএসভিপি মুভিজ থেকে ইনস্টাগ্রামে ছবির একটি ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। পারভেজ শাইখ, অসীম অরোরা ও সুমিত বাথেজার লেখা এই ছবি পরিচালনা করবেন শান্তনু বাগচী।
বলিউডের দর্শকের সামনে আসতে রাশমিকা মুখিয়ে আছেন। তিনি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে নানা ভাষার মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। ভাষা কখনোই আমার জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি। আমি ভাগ্যবান যে অসাধারণভাবে লেখা মিশন মঞ্জু ছবির পরিচালক আমাকে ছবিটি করার জন্য প্রস্তাব দিয়েছেন। আমি খুবই রোমাঞ্চিত ছবিটির সঙ্গে যুক্ত হতে পেরে। দারুণ একটি ছবি উপহার দেওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করছি। নতুন দর্শকের কাছে পৌঁছাতে এবং হিন্দি সিনেমায় আমার সফর শুরু করতে মুখিয়ে আছি।’
মিশন মঞ্জু ছবির শুটিং শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে। বলিউডের এই ছবি ছাড়াও রাশমিকার ঝুলিতে আছে বেশ কয়েকটি সিনেমা। তামিল সুলতান, কন্নড় পোগারু, তেলুগু পুষ্প ও আডাল্লু মিকু জোহারলু ছবিগুলোয় দেখা যাবে তাঁকে।