রাষ্ট্রপতির সঙ্গে নৈশভোজে তাপসী

রাতারাতি তারকা বনে যাওয়ার ঘটনা খুব বেশি মানুষের জীবনে ঘটে না। বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তেমন হাতে গোনা কয়েকজনের দলেই আছেন।
‘বিগ বি’ অমিতাভ বচ্চনের সঙ্গে পিঙ্ক ছবিতে অভিনয় করেই বাজিমাত করেছেন তাপসী। এর আগেও তাঁর কয়েকটি ছবি মুক্তি পেয়েছিল, কিন্তু তখন তাঁকে তেমন কেউ একনামে চিনতেন না। পিঙ্ক-এর পর অবশ্য প্রেক্ষাপট বদলে যেতে থাকে। মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে এই ছবি। নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে সুজিত সরকারের এই ছবির একটি বিশেষ প্রদর্শনী হয়েছিল। এবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে হাজির হয়েছিলেন পিঙ্ক ছবির কলাকুশলীরা। এমন সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাপসী।
রাষ্ট্রপতি ভবনে পিঙ্ক ছবির বিশেষ প্রদর্শনীর পর সেই ছবির তারকাদের সৌজন্যে নৈশভোজের আয়োজন করেছিলেন প্রণব মুখার্জি। রাষ্ট্রপতির পাশে বসে রাতের খাবার খাওয়া তাপসীর কাছে রীতিমতো স্বপ্নের মতো। এখনো যেন সেই ঘোরই কাটছে না তাঁর। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ভবনে ঢোকার পর আমার মনে হচ্ছিল, বিশাল এক প্রাসাদে চলে এসেছি। আর রাষ্ট্রপতির ঠিক পাশে বসে নৈশভোজ করার সময় আমার মধ্যে এক অতি উৎসাহী শিশুসত্তা জেগে উঠেছিল। ভাগ্যিস, উচ্ছ্বসিত হয়ে আমি সেখানকার কোনো নিয়ম ভেঙে ফেলিনি।’
তাপসী আরও জানান, পিঙ্ক দেখে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও উপস্থিত সবাই পছন্দ করেছেন। ছবিটি মুক্তি পেয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। এই ছবিতে তাপসী পান্নু ও অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করেছেন কৃতী কুলহারি, আন্দ্রিয়া তারিয়াং, মমতা শংকর, অঙ্গদ বেদি প্রমুখ। হিন্দুস্তান টাইমস।