রাষ্ট্রপতির হাত থেকে ডক্টরেট ডিগ্রি নেবেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান
শাহরুখ খান

গত বছর স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে বলিউড অভিনেতা শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। এ বছরও এই অভিনেতার ঝুলিতে উঠতে যাচ্ছে আরও একটি ডক্টরেট ডিগ্রি। এবার দেশের মাটিতেই এই সম্মান পেতে যাচ্ছেন ‘কিং খান’। তাঁকে এই ডিগ্রি তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

এবারের ডিগ্রি শাহরুখের জন্য বিশেষ। কারণ, ভারতের হায়দরাবাদের একটি বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক এই ডিগ্রি দিচ্ছে। আর এই শহর তাঁর কাছে খুব আপন। কারণ, শাহরুখের মা ছিলেন হায়দরাবাদের মেয়ে। এ জন্য শুটিং থেকে সময় বের করে এই পুরস্কার নিজ হাতে গ্রহণ করতে সেখানে উড়াল দিয়েছেন তিনি।

আজ সোমবার মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি অব হায়দরাবাদে শাহরুখ খানকে এই ডিগ্রি প্রদান করা হবে। এ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন উপলক্ষে বক্তব্যও দেবেন এই অভিনেতা। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রণব মুখার্জি। ডেইলি ভাস্কর।