রাহুলের 'পৃথিবী' অসিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল শর্মা ও অসিন
রাহুল শর্মা ও অসিন

সামাজিক যোগাযোগের খুদে ব্লগসাইট টুইটারে অনেক না-বলা কথাও বলে ফেলা যায়। তেমনটাই বলেছেন রাহুল শর্মা। নববিবাহিত প্রযুক্তি উদ্যোক্তা রাহুল শর্মা এক টুইটে তাঁর স্ত্রী অসিনকে জানিয়ে দিয়েছেন তাঁর মধুরতম সেই না-বলা কথাটি।

এই তো মাত্র দিন কয়েক আগে মহা ধুমধামে বিয়ে করলেন মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা প্রযুক্তি-উদ্যোক্তা রাহুল বোস আর অভিনেত্রী অসিন। ভালোবাসার বিয়ে। কাজেই এই দুজন এখন তাঁদের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলো একসঙ্গে কাটাচ্ছেন।

সম্প্রতি রাহুল বোস টুইটারে অসিনকে ‘রোমান্টিক’ এক টুইট করেছেন। টুইটারে দুজনের চমৎকার একটি মুহূর্তের ছবি পোস্ট করে রাহুল লিখেছেন, ‘দুহাতে ধরে আছি আমার পৃথিবী।’

ছবিতে দেখা যাচ্ছে রাহুল শর্মা তাঁর প্রিয়তমা অসিনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছেন দুহাতে।

দুহাতে প্রিয়তমা স্ত্রী​ অসিনকে জড়িয়ে ধরে আছেন রাহুল শর্মা
দুহাতে প্রিয়তমা স্ত্রী​ অসিনকে জড়িয়ে ধরে আছেন রাহুল শর্মা



রাহুল টুইটারে ছোট্ট এই মধুর বার্তা পাঠালেও অসিন কিন্তু তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাতা ভরিয়ে তুলছেন দুজনের বিয়ের অনুষ্ঠানের চমৎকার সব ছবি দিয়ে। অসিন যেন রীতিমতো এক বিয়ের ইনস্টাগ্রাম অ্যালবামই বানিয়ে তুলেছেন সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিকে।

দিল্লির শিল্পপতি ও মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে অসিনের পরিচয় করিয়ে দিয়েছিলেন ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমার। অসিন-রাহুলের বিয়েতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অক্ষয়। বিয়ের আগে টানা চার বছর প্রেম করেছেন রাহুল ও অসিন।

বলিউডে অসিনের অভিষেক হয়েছিল আমির খানের বিপরীতে ‘গজনি’ ছবিতে। এ ছবিতে অভিনয়ের জন্য অসিন পেয়েছিলেন ফিল্মফেয়ারের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। ‘রেডি’, ‘খিলাড়ি ৭৮৬’ ও ‘হাউজফুল টু’-এর মতো ছবিতে অভিনয় করেছেন অসিন। সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ‘অল ইজ ওয়েল’ ছবিতে। এনডিটিভি।