রিচা-আলীর বিয়েতে থাকবেন 'রানি ভিক্টোরিয়া'

তাঁদের সম্পর্কের কথা আকাশে-বাতাসে উড়ছিল বেশ কিছু দিন যাবৎ। রিচা চাড্ডা এবং আলী ফজল সম্পর্ক এখন চূড়ান্ত বন্ধনে রূপ নিচ্ছে। এপ্রিল মাসেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এই দুই বলিউড তারকা। সফল ছবি ‘ফুকরে’ ও ‘ফুকরে রিটার্নে’ দুজনেই একসঙ্গে অভিনয় করেছেন।
জানা গেছে, ৭৪তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভিক্টোরিয়া ও আব্দুল ছবির প্রিমিয়ারে প্রথম একসঙ্গে দেখা যায় দুজনকে। এরপর মুখে না বললেও দুজনেই যে প্রেমের সম্পর্কে এক হয়ে গিয়েছেন, বিভিন্ন ইভেন্ট ও সিনেমাতেও তার প্রতিফলন পড়েছে। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টে তাঁদের দুজনের বিয়ের খবরের ইঙ্গিত মিলেছে। বিয়ের তারিখ, চার দিন ধরে বিয়ের উৎসবের সবকিছুই জানিয়েছেন এই অভিনয়শিল্পী। শুধু তাই নয়, দিল্লি, লক্ষ্ণৌ ও মুম্বাইতে হবে বিয়ের অনুষ্ঠান। ভারতীয় গণমাধ্যম বোম্বে টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ১৫ এপ্রিল সেই শুভদিন। ১৮ এপ্রিল লক্ষ্ণৌতে হবে বিয়ের প্রথম রিসেপশন, ২০ এপ্রিল মুম্বাইয়ে গ্র্যান্ড রিসেপশন হবে বলে জানা গিয়েছে।
৩৩টি বসন্ত পার করেছেন রিচা চাড্ডা আর আলী ফজল দুজনেই। আর রণবীর-আলিয়া বা বরুণ-নাতাশা জুটিকে পেছনে ফেলে সবার আগেই এই এপ্রিলে চার হাত এক করবেন এই বলিউড জুটি। ‘এপ্রিল ফুল’ নয়, এপ্রিলে নাকি বিয়ের ফুল ফুটবে এই জুটির। হাঁটু গেঁড়ে বিয়ের প্রস্তাব মালদ্বীপে দিলেও বিয়ে হবে ভারতেই, দিল্লিতে। আর ঘরোয়া আয়োজনের সেই বিয়েতে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও বলিউডের সহকর্মীরা।
ইতিমধ্যে নাকি দু’জনে মিলে এই বিশেষ দিনের সব প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। শোনা গিয়েছে বিদেশে থেকে যাতে তাঁদের সহকর্মীরা এই বিশেষ দিনে উপস্থিত থাকতে পারেন তা নিশ্চিত করতে আগাম আমন্ত্রণপত্রও পাঠানো হয়ে গিয়েছে। এক ঘনিষ্ঠ সূত্রের খবর, জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই আমন্ত্রণ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী জুডি ডেঞ্চ। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ ছবিতে রানি ভিক্টোরিয়ার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। আর রানির প্রিয় পাত্র আব্দুলের চরিত্রে অভিনয় করেছিলেন আলী ফজল। দাওয়াত দিয়েছেন হলিউড তারকা ফ্রিদা পিন্টোকেও।

আলী ফজলের পাশাপাশি রিচাও তাঁর বিভিন্ন প্রজেক্টের জন্য বিদেশি অভিনেতা-প্রযোজক-পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ফলে তাঁরও বিদেশি সহকর্মীর সংখ্যা নেহাত কম নয়। তবে কম সময়ে সবাইকে আমন্ত্রণ না করতে পারলেও, খুব কাছের কিছু মানুষের জন্য ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র চলে গিয়েছে।
বলিউডের এই দুই অভিনয়শিল্পীর চেনাজানা সেই ২০১২ সাল থেকে। ফাকরি ছবির সেটে প্রথম দেখা। ২০১৫ সাল থেকে বন্ধুত্ব শুরু হয়েছিল রিচা ফজলের। সেই বন্ধুত্ব প্রেমে গড়াতে আরও দুই বছর। তবে ২০১৭ সালে শেষ হয় মিডিয়ার সঙ্গে লুকোচুরি খেলা। সে বছরই খোলামেলা কথা বলেছেন মিডিয়ার সঙ্গে, নিজেদের প্রেমকে ‘অফিশিয়াল’ ঘোষণা করেন। একসঙ্গে দেখা দিতে থাকেন জনসমক্ষে, পার্টি-রেস্তোরাঁয় এবং ইনস্টাগ্রামে। এর আগে ফরাসি নাগরিক ফচ গাসটামবিডের সঙ্গে রিচার দেখা হয়েছিল ২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবে। প্রেম করেছেন এক বছর। ২০১৬ সালে প্রেম ভেঙে দিয়ে নতুন করে মন দেন আলী ফজলকে।