রিয়াকে নিয়ে বায়োপিক
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর জীবনীভিত্তিক ছবি নির্মাণে আগ্রহী হয়েছিলেন বলিউডের অনেক নির্মাতা। এবার সুশান্তের প্রেমিকা এবং মাদকসংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত রিয়া চক্রবর্তীর জীবনের ওপর ছবি নির্মাণের কথা ভাবছেন বলিউডের বেশ কিছু প্রযোজক।
চার মাস ধরে ভারতে অন্যতম আলোচিত নাম রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর জীবনের নানা পর্ব বেরিয়ে পড়েছে। সুশান্তের মৃত্যু ঘিরে একদল যেমন রিয়াকে গালাগাল করছে, তেমনি আরেক দল এই বলিউড নায়িকার প্রতি সহানুভূতিশীল হয়েছে। বলিউডের অনেক নায়িকাই রিয়ার পাশে দাঁড়িয়েছেন। বেশ কিছু নির্মাতার মতে, রিয়ার জীবনে অনেক চড়াই-উতরাই আছে। একটা চমৎকার ‘হিট’ সিনেমার গল্পের জন্য যা যা প্রয়োজন, তার সবই আছে ২৮ বছর বয়সী রিয়ার জীবনে।
জেল থেকে রিয়া চক্রবর্তী ছাড়া পেলেই তাঁর সঙ্গে দেখা করবেন এই নির্মাতারা। রিয়াকে নিয়ে প্রকাশিত সব তথ্য তাঁরা টুকে রাখছেন। সেগুলোর সমন্বয়ে প্রাথমিক চিত্রনাট্য নির্মাণের প্রস্তুতি চলছে। বলিউডের বেশ কিছু প্রযোজক রিয়ার জামিনের অপেক্ষায় আছেন। রিয়া জেল থেকে ছাড়া পেলেই তাঁর অনুমতি নিয়ে বায়োপিক নির্মাণের কাজে ঝাঁপিয়ে পড়বেন তাঁরা।
এদিকে রিয়াও তাঁর জীবন নিয়ে একটা বই লেখার কথা ভাবছেন। এই বইতে তিনি নিজের কথা খোলা মনে বলতে চান। গত মঙ্গলবার রিয়ার সাত ঘণ্টা সওয়াল-জবাব হয়েছে আদালতে। তারপরও জামিন মেলেনি। জামিন পাননি তাঁর ভাই শৌভিক চক্রবর্তীও। তাঁদের জামিনের আবেদন স্থগিত রেখেছেন মুম্বাই হাইকোর্ট। ফলে আরও কিছুদিন তাঁদের জেলখানায় থাকতে হবে। তবে কত দিন, তা এ মুহূর্তে বলা অনিশ্চিত।