রিয়ার নামে সুশান্তের কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম
সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম

অভিনয় ছাড়াও নিজের তিনটি কোম্পানি ছিল সুশান্ত সিং রাজপুতের। ভারতের জাতীয় পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের মেডেলজয়ী সুশান্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ ছেড়ে অভিনয়কে বেছে নিয়েছিলেন। মহাকাশ নিয়ে তাঁর তুমুল আগ্রহ ছিল। রাতের বেলা নিজের উন্নত টেলিস্কোপে চোখ রেখে তারা দেখতে ভালোবাসতেন। মাত্র ৩৪ বছর বয়সে সেই অভিনয়, টেলিস্কোপ, নিজ হাতে গড়া কোম্পানি—সব ফেলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন সুশান্ত।

সুশান্তের মৃত্যুর খবরে কেমব্রিজের পিএইচডি স্কলার নম্রতা দত্ত এই বলিউড তারকাকে স্মরণ করে বলেন, ‘সুশান্তের সঙ্গে আমার প্যারিসে দেখা। আমি ওর সঙ্গে ঘণ্টাখানেক আলাপ করলাম। ও পদার্থবিজ্ঞান এত ভালো জানে, মহাকাশ নিয়ে এত আগ্রহ। আমি ভেবেছি, ও ফ্রান্সের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা পড়ায়। পরে শুনি, সে বলিউড অভিনেতা, শুটিং করতে আসছে। আমি এত অবাক হয়েছি! এত ‘ব্রাইট’ একটা ছেলে, কেন এভাবে চলে গেল?’

সুশান্তের তিনটি কোম্পানির প্রথমটি ২০১৮ সালে গড়া। যার মূল উদ্দেশ্য ভার্চ্যুয়াল রিয়েলিটি আর কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করা। এ বিষয়ক নতুন নতুন গবেষণা, উদ্ভাবন সংগ্রহে রাখা ইত্যাদি। খুব ভালো ছাত্র ছিলেন সুশান্ত। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার পরও যখনই সময় পেয়েছেন, পদার্থবিজ্ঞানের নতুন নতুন জ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন।

সুশান্তের তিনটি কোম্পানির একটি আবার তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর নামে। নাম, ভিভিডরেজ রিয়ালিটিক্স । ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে। আর তৃতীয় কোম্পানিটি ওয়ার্ল্ড ফাউন্ডেশনের হয়ে কাজ করে। নাম, ‘ফ্রন্ট ইন্ডিয়া’। ‘ধোনি’, ‘কেদারনাথ’, ‘ছিছোর’ তারকার এই কোম্পানিটি ভারতের মানুষের স্বাস্থ্য, দারিদ্র্য ও পুষ্টি নিয়ে কাজ করে।

ইন্দোনেশিয়ার পার্কে সুশান্তের সিনেমার গান বাজিয়ে তাঁকে স্মরণ করা হয়েছে। সুশান্তের বিশ্ববিদ্যালয়েও ওর জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। সারা ভারতে সুশান্তের মৃত্যুর শোক এখনো চলছে।