রুস্তমের সাফল্যে রজনীকান্তের টুইট

অভিনেতা রজনীকান্তকে নিয়ে চালু আছে বহু মিথ। বলা হয়, এক হাজার বছর পর রোবটেরা সিনেমা বানাবে। সেটার নাম রাখা হবে ‘রজনীকান্ত’। সেই মিথের রাজা এবার শুভকামনা জানিয়েছেন ‘রুস্তম’-এর জন্য! বলিউড তারকা অক্ষয় কুমারের নতুন ছবি ‘রুস্তম’-এর সাফল্য আর ঠেকায় কে!
আগামীকাল মুক্তি পাচ্ছে অক্ষয় অভিনীত নতুন ছবি ‘রুস্তম’। নৌ কর্মকর্তা কে এম নানাভাতির বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবি। ছবিটির সাফল্যের প্রত্যাশা করে টুইটারে শুভেচ্ছাবার্তা লিখেছেন তারকা অভিনেতা রজনীকান্ত। তিনি লিখেছেন, ‘প্রিয় অক্ষয় কুমার, “রুস্তম” ছবিটি সফল হোক।’ প্রত্যুত্তরে অক্ষয় লিখেছেন, ‘অনেক ধন্যবাদ রজনী স্যার। আপনার শুভেচ্ছাবার্তা দেখে ভীষণ ভালো লাগল।’
শুধু রজনীই নয়, ‘রুস্তম’ ছবির জন্য শুভকামনা জানিয়েছেন বলিউডের অভিনেতারাও। সালমান খান, রনবীর সিং ও সোনম কাপুরের মতো অভিনয়শিল্পীরা ছবিটির প্রচারণার জন্য খুদে ভিডিও তৈরি করেছেন। ‘রুস্তম’-এর ভাগ্যে আসলে কী জুটবে তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। কেননা ছবিটিকে লড়তে হবে হৃতিক রোশনের ‘মহেঞ্জো দারো’ ছবির সঙ্গে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রচারণাকালীন উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছে ‘রুস্তম’। আশা করা যাচ্ছে ছবিটি পছন্দ করবেন দর্শকেরা। তা ছাড়া রজনীকান্তের শুভকামনা তো সঙ্গে রয়েছেই।
‘রুস্তম’ ছবিটি পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই। এতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, এলিনা ডি’ক্রুজ, এশা গুপ্ত প্রমুখ। রজনীকান্তের সঙ্গে ২০১০ সালে ‘রোবট’-এর সিক্যুয়েলে কাজ করেছিলেন অক্ষয় কুমার। এই দুই তারকার পরবর্তী ছবি ‘টু পয়েন্ট জিরো’ মুক্তি পাবে আগামী বছর। সেই ছবির শততম দৃশ্যধারণের দিনে পরিচালক শংকর টুইট করেছেন, ‘শুটিংয়ের শততম দিন পেরোল। সুপারস্টার ও অক্ষয়ের সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স শেষ হলো! আরও ৫০ শতাংশ কাজ বাকি।’ ইন্ডিয়ান এক্সপ্রেস