রূপচর্চায় ব্যয় ঘণ্টায় ২০ হাজার রুপি!

বলিউডের তারকাদের সজীব ও উজ্জ্বল ত্বক দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। ত্বকের সৌন্দর্যের জন্য নিয়মিত রূপচর্চা করেন তাঁরা। ত্বকের সজীবতা ধরে রাখতে ও উজ্জ্বলতা বাড়াতে ইদানীং তাঁরা বিশেষ এক ধরনের থেরাপি নিচ্ছেন। এ তালিকায় অভিনেত্রীদের পাশাপাশি অভিনেতারাও আছেন। মাত্র এক ঘণ্টার থেরাপি নিতে তাঁরা ব্যয় করছেন ২০ হাজার রুপি। ব্যয়বহুল এই থেরাপির মূল উপাদান বিশুদ্ধ অক্সিজেন।

বলিউডের তারকাদের নতুন এ রূপচর্চার খবর ফাঁস করেছে বলিউডলাইফ ডটকম। সম্প্রতি এক খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশেষ এই থেরাপির নাম হাইপারবারিক অক্সিজেন থেরাপি (এইচবিওটি)। থেরাপি নিতে আগ্রহীদের চাপযুক্ত একটি চেম্বারে ঢুকিয়ে বিশুদ্ধ অক্সিজেন প্রবাহিত করা হয়।
বর্তমানে বলিউডের অনেক তারকাই এই থেরাপি নিচ্ছেন। বলিউডের তারকাদের মধ্যে এটি রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। ক্লান্তিকর শুটিং শিডিউলের পাশাপাশি শুটিংয়ের সময় ভারী মেকআপ নেওয়া থেকে শুরু করে আরও অনেক ঝক্কি পোহাতে হয় তাঁদের। হাইপারবারিক অক্সিজেন থেরাপি খুব কার্যকরী বলেই মনে করছেন তাঁরা। এ জন্য অল্প সময়েই তাঁদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এই থেরাপি।
থেরাপি নিতে মুম্বাইয়ের একটি ক্লিনিকে নিয়মিতই লাইন ধরছেন বলিউডের একাধিক তারকা। ওই ক্লিনিকে সবচেয়ে বেশি যাচ্ছেন ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান, আতিয়া শেঠি ও অমিত সাধ।