রূপালি পর্দায় সত্যজিতের তাড়িণীখুড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যজিতের তাড়িণীখুড়ো
সত্যজিতের তাড়িণীখুড়ো

পাড়ার সব ছেলে-মেয়ে জুটেছে। একখানা গল্প ফাঁদবেন তাড়িণীখুড়ো। মুখে কিছুটা বিরক্তির ভাব। কপালে ভাঁজ। দাঁত খিঁচিয়ে উত্তর দেন ‘গল্প ফাঁদেন না তিনি’, গল্প বলেন। অভিজ্ঞতায় ভরা ঝুলি থেকে একটা-দুইটা ঘটনা বের করে, তাঁর সঙ্গে এক ছটাক উদ্ভট গল্প মিশিয়ে ঝেড়ে দেন। এগুলো শুনেই হইচই পড়ে যায় পাড়ার ছোকরাদের মধ্যে।
সত্যজিৎ রায়ের তাড়িণীখুড়ো এবার গল্প বলবেন হিন্দিতে। রূপালি পর্দায় কে হচ্ছেন তাড়িণীখুড়ো? এটি এখনো অজানা। যিনি তাড়িণীখুড়োকে পর্দায় আনছেন সেই পরিচালক মহাশয় অনন্ত নারায়ণ মহাদেবান মুখে কুলুপ এঁটেছেন। তবে ছবিতে পরেশ রাওয়াল বাঙালি বাবুর এবং নাসিরুদ্দিন শাহ গুজরাটি ব্যবসায়ী সাজবেন, এ মোটামুটি নিশ্চিত। সত্যজিৎ রায়ের ‘গল্প বলিয়ে তাড়িণীখুড়ো’কে পছন্দ হয়েছে পরিচালকের।

পরেশ রাওয়াল ও নাসিরুদ্দিন শাহ
পরেশ রাওয়াল ও নাসিরুদ্দিন শাহ

গল্পটিকে রূপালি পর্দায় আনতে টাকা ঢালছেন আনজুম রিজভি। আশা করছেন, ২০১৮ সালের মধ্যে সেরে ফেলবেন পুরো শুটিং। কান চলচ্চিত্র উৎসবে পাঠাবেন যে! হিন্দিতে সত্যজিৎ করেছিলেন ‘শতরঞ্জ কি খিলাড়ি’। টিভির জন্য তাঁর গল্প নিয়ে বানানো হয় ‘সদগতি’। এরপর তৈরি হচ্ছে এই ছবিটি। অনন্ত বললেন, ‘অনেক বছর আগে আমি যখন টেলিভিশনে কাজ করতাম তখন সন্দীপ রায়ের কাছে ফেলুদার সত্ত্ব চেয়েছিলাম। উনি রাজি হননি। কারণ উনি নিজেই এই সিরিজের কাজ করতে চেয়েছেন। কিন্তু এই গল্পটা এমন যে বাংলায় সিনেমা তৈরি করা খুব একটা সহজ নয়। রায় এখানে বাংলা এবং গুজরাটি দুটো ভাষাই রেখেছেন। দুইটির মাঝে সম্পর্ক গড়েছেন হিন্দি দিয়ে।’ ঘোষণা দিয়েই বসে নেই তাঁরা। কাজ চলছে হরদম। ইতিমধ্যে পাণ্ডুলিপি লেখার কাজ শুরু হয়েছে। সে ভার পড়েছে ভারতের অ্যানিমেশনের পথিকৃৎ ভীমসেনের পুত্র কীরিট খুরানা ওপর। পুনে মিরর