রেখা-অমিতাভের ১০-১১!

বিগত শতকের সত্তর-আশিতে মুম্বাইয়ের ঝাঁকানাকা বা ভাইব্র্যান্ট জুটি রেখা-অমিতাভ। ঝাঁকানি-নাকানি-চুবানি সবই আছে এই জুটির ডিকশনারিতে। বস অমিতাভ, হার্টথ্রব রেখা। বম্বে তখন বম্বে। এখন মুম্বাই হয়েছে। ঢাকায় বম্বে ফিল্ম আর বম্বে চানাচুর ছিল সবার প্রিয়। সিনেমা হলে বম্বে ফিল্ম চলত না, ভিসিআরে চলত। সত্তর আশির দশকের এক ম্যাজিক্যাল ডিভাইস এই ভিসিআর। চেঞ্জ করে দিয়েছিল দেশের বিনোদনের প্যাটার্ন। ব্লু হোয়েলের চেয়েও অদ্ভুত। মাইক্রোওভেনকে ওপর থেকে চ্যাপ্টা করলে দেখতে যেমন হবে, ভিসিআর দেখতে তেমন। বই আকারের ক্যাসেট ভেতরে ঢোকালে টিভিতে ছবি দেখা যায়। ভিসিআরের দাম অনেক। একেকটা দুই লাখ থেকে তিন লাখ। তাই মধ্যবিত্তের ঘরে সে থাকে না। থাকে পুরান ঢাকার লালবাগ, পাটুয়াটুলী, আমলিগোলা আর বেগমবাজারের চিপা গলিতে। ঢাকাইয়া তরুণ প্রভাবশালীরা ভিসিআর কিনে ড্রয়িংরুম-বেডরুমেই আয়োজন করে ভিসিআর শোর। ফ্লোরে বসে সবাই হিন্দি মুভি দেখে হাঁ করে। এক মুভি ১০ টাকা।
ক্লাস এইটে পড়ি। বেগমবাজারের অমিতাভ-রেখার কথা শুনি, কিন্তু দেখা হয় না। আমাদের ত্যান্দোড় বন্ধু বাদল বাবার পকেট কেটে আজ আগামসি লেন, কাল বেগমবাজার করে আর আমাদের গল্প শোনায়—অমিতাভের গলা মোটা আর হাত গুটায়া নাচে, জিনাত আমান নাচলে মনে হয় হাড্ডি নাই, আমজাদ খানের চোখ দিয়া আগুন বের হয়, শ্রীদেবী টশটইশ্যা আঙুর। রেখার কথা জিজ্ঞেস করলে বলে, ‘রেখারে এখনো দেখি নাই। খাড়া, নেক্সট টাইম দেইখা আইসা কমু।’ নেক্সট টাইম রেখার ‘মুকাদ্দার কা সিকান্দার’ দেখে এসে বাদল মাথা নিচু করে সিগ্রেট ফোঁকে। মুখ তুলে শুকনা গলায় বলে, ‘দোস্ত, এত দিন রেখারে না দেইখা আমার হেব্বি লস হইয়া গেসে। প্রথমেই আমার অর পিছে ইনভেস্ট করা উচিত ছিল। অর কোমর পুরা কান্ধে উইঠ্যা যায়!’ চমকে উঠি। মানে?
মানের উত্তর পাই পরের শুক্রবার সন্ধ্যায় চাচির বাসায়।

চাচির বাসায় উইক এন্ডে চাচি-খালা-আম্মাদের পারিবারিক ভিসিআর শো হয়। ভিসিআর ভাড়াতে আনা হয়। প্রত্যেকে একেকটা ডিশ রেঁধে নিয়ে আসে। সবাই মিলে মুভি দেখা, ডিনার করা। ওয়ান ডিশ ভিসিআর শো। সেদিনের ছবি ‘মুকাদ্দার কা সিকান্দার’। আমি হিন্দি বুঝি না, রেখা-অমিতাভ বুঝি। অমিতাভের ছোট শার্ট-বড় কলার, বেলবটম প্যান্ট। যেন লম্বা এলভিস প্রিসলি। চেহারায় রসবোধের ছাপ, মুহূর্তে সিরিয়াস হয়ে যেতে পারে। অমিতাভের প্রতি ইঞ্চি পেশি অভিনয় করে। আছে বিনোদ খান্না-আমজাদ খান-কাদের খান-রাখী গুলজার। কিন্তু আমার চোখ রেখার দিকে। কখন ওর কোমর কান্ধে উঠবে।
নাচ দেখে বুঝে ফেললাম বাদল কী বোঝাতে চেয়েছিল। ভয়ানক সেই নাচের মুদ্রা। স্লিম শ্যামলা ডাগর চোখে সেই শেইক! চাচি-আম্মাদের সামনে দাঁত খিঁচে চুপচাপ গিললাম। আম্মা গম্ভীর গলায় বললেন, ‘তোর না পরীক্ষা?’ চাচি আমার আম্মাকে ফিসফিসিয়ে বললেন, ‘থাক বউমা।’
বাদলকে বলতে হবে, লস করলেও ওর পুষিয়ে গেছে।
কিন্তু রেখা? রেখাকে এই অবস্থায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে। তামিল অভিনেতা বাবার ভেজালের সংসারে শিশুশিল্পী হিসেবেই ফিল্মে আসেন রেখা। নাম ভানুরেখা গণেশন। পরে সংক্ষেপে রেখা। বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারে বাজে দেখতে এক অভিনেত্রী। হাঁসের মতো মুটকি, কালো, ড্রেসও পরে খ্যাত খ্যাত তামিল স্টাইলে। কিন্তু ভানুরেখা ওরফে রেখাকে যে দাঁড়াতেই হবে। তখনো তাঁর জানা ছিল না, তার দাঁড়ানোর জন্য বেলবটম পরে দাঁড়িয়ে আছে এক ছয় ফুটি ক্যাবলাকান্ত বুম বুম। নাম অমিতাভ বচ্চন।

অমিতাভ। ছোটবেলায় তাঁর কবি বাবা নাম রেখেছিলেন, ইনকিলাব। পরে আরেক কবি বন্ধুর পরামর্শে নাম বদলে করেন অমিতাভ। বম্বে কাঁপানো এই তরুণ ঢ্যাঙার সঙ্গে রেখার প্রথম ছবি ‘দো আনজানে’। মোটামুটি চলেছে। তখনো রেখা বম্বের ‘কুৎসিত নায়িকা’। অমিতাভের পারসোনালিটি আর ক্যারিয়ারের প্রেমে যে পড়ে গেছে ও। ওকে শেইপে আসতেই হবে। শুরু হলো ইয়োগা, অনুশীলন, ডায়েটিং আর নাচের যুদ্ধ। বেঢপ ফিগার পরিণত হলো চকচকে নাঙা তলোয়ারে। নাচের মুদ্রায় ওঠে আটলান্টিকের ঢেউ। অভিনয়ে সূর্যের প্রখরতা। আবার অমিতাভের সঙ্গে জুটি বাঁধেন। ‘মুকাদ্দার কা সিকান্দার’ ছবিতে। সেই দশকের পুরোটা জুড়েই হিট মুভি হয়ে থাকে সেটি। আর পেছনে তাকাননি রেখা। তাকিয়েছেন অমিতাভ। দুজন বহু ছবিতে জুটি বেঁধেছেন, যার সব কটিই সুপার ডুপার হিট। পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন দুজন। বম্বে ভালোভাবে তা নেয়নি। অমিতাভ যে জয়া ভাদুড়ির স্বামী। স্ক্যান্ডাল, ঝগড়াবিবাদে চূড়ান্ত রূপ নেয় ১৯৮১ সালে ‘সিলসিলা’ ছবির শুটিংয়ে। জয়ার সঙ্গে চরম লাগা লেগে যায় রেখার। মজার ব্যাপার, এই ছবিতে রেখাকে দেখা যায় এমন চরিত্রে, যার প্রেমে পাগল অমিতাভ। আর অমিতাভের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন তাঁর নিজের স্ত্রী জয়া ভাদুড়ি। ঝগড়াবিবাদে শুটিং হলেও সেটা ছিল বক্স অফিস হিট। আর সেটাই ছিল রেখা-অমিতাভের একসঙ্গে অভিনীত শেষ ছবি। সম্পর্কেরও শেষ এখান থেকেই।
কিন্তু তরুণ-তরুণীদের সঙ্গে সম্পর্ক রয়েই যায় অমিতাভ-রেখার।
পাড়ার মাস্তান মার্কা হিরোরা ‘মুকাদ্দার কা সিকান্দার’কেই আদর্শ ধরে। অমিতাভের মতো নাচতে না জানলেও তাঁর নাচের ফ্যান হয়ে ওঠে ছেলেপেলে। আমার ক্যাডেট কলেজ পড়া বড় ভাই তখন অমিতাভের বিরাট ফ্যান। বলে, ‘শোন, অমিতাভ হচ্ছে ৬০ ফুট লম্বা ইউক্যালিপটাস গাছ। ওর নাচা লাগে না, তালে তালে দুললেই ধামাকা নাচ হয়ে যায়।’ তরুণেরা নাম ধরে ডাকে না, বস বলে ডাকে। আর রেখাকে নিয়ে গবেষণায় মেতে ওঠে আমার বান্ধবী। আজ থেকে ১৮ বছর আগে। দেশের নামকরা একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমাকে চমকে দিয়ে বলে, ‘আমার মনে হয় রেখা ডাকিনী চর্চা করে, প্যাঁচার রক্ত খায়।’ চমকে বলি, ‘কী বলিস এসব?’ বলে, ‘না হইলে এক শ বছর ধরে কারও বয়স আটকায় থাকে?’ বেশ কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় রেখার একটি ছবি দেখে সেই সুন্দরী বান্ধবীর কথা মনে পড়ল। আসলেই। বেগমবাজার থেকে আনন্দবাজার—রেখা একই আছেন!
রেখা-অমিতাভের পুরস্কারের শেষ নেই। রেখা যেমন পেয়েছেন ‘পদ্মভূষণ’ সম্মান, অমিতাভও ‘পদ্মভূষণ-পদ্মশ্রী’ পেয়েছেন। ‘উমরাও জান’ রেখার অমর কীর্তি। আর মুভি ছেড়ে টিভিতে দর্শকদের আবারও অমিতাভ চমকে দেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দিয়ে।
রেখা নিন্দিত হয়েছেন, নন্দিত হয়েছেন, অপবাদও পেয়েছেন। সাধারণের ধারণা ছিল, অমিতাভের বিরহে রেখা বিয়ে করবে না। না, বিয়ে করেছিলেন নামকরা শিল্পপতি মুকেশ আগরওয়ালকে। এক বছরের মাথায় সুইসাইড করেন মুকেশ। লোকে বলল, রেখা অপয়া। কিন্তু মুকেশ চিরকুটে লিখে গিয়েছিলেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’
পৃথিবী যেমন মঙ্গলকে ছাড়ে না, অমিতাভ-রেখাও ছাড়ে না একে অন্যকে। তা আবার জন্ম থেকেই। গতকাল ১০ অক্টোবর ছিল রেখার জন্মদিন, আজ ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন।
কিন্তু ভেজাল একটা আছে। দুজনের জন্মবছরের পার্থক্য একটি অপয়া সংখ্যার কাছাকাছি—১২। তাই পাশাপাশি জন্ম নিয়েও জন্ম তাঁদের আজন্ম বিরহ।
ভেজাল ছাড়া জীবন হয় না। তাই রেখা-অমিতাভ, তোমরা একসঙ্গে বাঁচো আরও ১০০ বছর।
শুভ জোড়া জন্মদিন।
শায়ের খান : নাট্যকার ও পরিচালক