রেঙ্গুনের সেনা কর্মকর্তা শহীদ!

বিশাল ভরদ্বাজের ছবি মানেই যেন তাতে অভিনয় করছেন শহীদ কাপুর— এমনটাই যেন চল হয়ে উঠেছে। ‘কামিনে’, ‘হায়দার’-এর পর বিশালের পরবর্তী ‘রেঙ্গুন’ ছবিতেও যথারীতি দেখা যাবে শহীদ কাপুরকে। এ ছবিতে শহীদ কাপুর অভিনয় করছেন এক সেনা কর্মকর্তার ভূমিকায়।
‘রেঙ্গুন’ ছবির পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তবে এ ছবির কাহিনিতে শুধু যুদ্ধই নয়, থাকছে প্রেমও। আদতে এটি একটি প্রেম কাহিনি বা ‘লাভ স্টোরি’। শহীদ কাপুরের সঙ্গে এ ছবিতে আরও দেখা যাবে সাইফ আলী খান ও কঙ্গনা রনৌতকে। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
‘রেঙ্গুন’ ছবিতে অভিনয়ের জন্য বেশ কিছু নিয়মকানুন মেনে চলছেন শহীদ। এই যেমন তিনি সম্প্রতি শর্করা খাওয়া একদমই ছেড়ে দিয়েছেন। এদিকে ধূমপানও বন্ধ। এখন তাঁর দিনের বেশির ভাগ সময়ই কাটছে শরীরচর্চায়; জিমে। হাতে সময়ও কম, এরই মধ্যে যে করেই হোক, সেনা কর্মকর্তার টান টান শরীরটা তো পেতে হবে! ইন্ডিয়ান এক্সপ্রেস।