রোমান্টিক ছবি করতে ভালো লাগে না!

অনেকেই বলেন, সিদ্ধার্থের চেহারাটাই নাকি রোমিওদের মতো। অথচ রোমান্টিক ছবি করতে ভালো লাগে না এই বলিউড অভিনেতার। শুক্রবার মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘বার বার দেখো’। নতুন এ রোমান্টিক ছবিটির জন্য দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন তিনি। কিন্তু তারপরও তিনি জানিয়েছেন, প্রেমের ছবিতে কাজ করে তিনি স্বস্থি পান না।
সিদ্ধার্থ বলেছেন, ‘প্রেমের ছবি আমার স্বাচ্ছন্দ্যের জায়গা নয়। এ পর্যন্ত দুটি রোমান্টিক ও একটি অ্যাকশন ছবিতে কাজ করেছি আমি। কিন্তু সেখানেও স্বচ্ছন্দ হতে পারিনি। আমার বরং গল্পনির্ভর ছবিই বেশি ভালো লাগে। নতুন ধরনের গল্প আছে এমন ছবিতে কাজের সুযোগ পেলেই আমি করতে চাই।’ এর আগে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। সেটা ছিল একটি পারিবারিক ছবি। কিন্তু গল্পের উপস্থাপনাটা ছিল একটু ভিন্ন। আর রোমান্টিক হলেও ‘বার বার দেখো’ ছবির গল্পটায় একটু নতুনত্ব আছে।
সিদ্ধার্থ জানান, নির্দিষ্ট ঘরানার কোনো চরিত্রে নয় বরং নতুন কিছু করাতেই তাঁর আনন্দ। নিজের সম্পর্কে আরও একটি মজার খবর জানিয়েছেন তিনি। বলেছেন, ‘বার বার দেখো’ ছবির সহশিল্পী ক্যাটরিনা কাইফের অনেক বড় ভক্ত তিনি। শুধু তাই নয়, ক্যাটরিনা নাকি সিদ্ধার্থের ‘ক্র্যাশ’। সিদ্ধার্থের ধারণা, ‘বার বার দেখো’ ছবিতে দুজনের রসায়নটা জমেছে সেই কারণেই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।