রোজ চার ঘণ্টা ক্রিকেট
আজ ভারতে মুক্তি পেল কবির খান পরিচালিত ছবি ‘৮৩’। ১৯৮৩ সালে লর্ডসের মাঠে ভারতের ঐতিহাসিক ক্রিকেট বিশ্বকাপ জয়ের ওপর নির্মাণ করা হয়েছে ছবিটি। এই রুদ্ধশ্বাস জয়ের অন্যতম নায়ক ছিলেন কপিল দেব। তিনি তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ‘৮৩’ ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা গেছে বলিউড সুপারস্টার রণবীর সিংকে। ইতিমধ্যে রণবীরের জয়জয়কার সর্বত্র। কপিলের চরিত্রে সবার মন জয় করেছেন তিনি। তবে পর্দায় কপিল হয়ে ওঠা রণবীরের জন্য মোটেও সহজ ছিল না। এর জন্য অনেক ত্যাগ, পরিশ্রম করতে হয়েছে এই বলিউড তারকাকে। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে পর্দায় কপিল হয়ে ওঠা সফরের কথা ব্যক্ত করেছেন।
কপিল দেবের ভূমিকায় নিজের প্রস্তুতির প্রসঙ্গে রণবীর বলেছেন, ‘কপিল দেবের বোলিং অ্যাকশন একদম অন্য রকম। তাঁর শারীরিক গঠনও আলাদা। তাঁর শরীরের ভাষা, আমার শরীরের ভাষা আলাদা। তাই ক্রিকেটের ময়দানে তাঁর মতো অ্যাকশন করার জন্য আমার শারীরিক গঠনে বেশ কিছু পরিবর্তন আনা জরুরি ছিল। আর এই শারীরিক পরিবর্তন আনতে অনেক সময় লেগেছিল। আর কপিল দেবের মতো একদম সঠিক বোলিং অ্যাকশন রপ্ত করার জন্য আমার কয়েক মাস সময় লেগেছিল।’
রণবীর সিং ‘সিম্বা’ ছবির পরপরই ‘৮৩’র শুটিং শুরু করেছিলেন। তাই সেই সময় তাঁর শরীর একটু ভারী ছিল। এই সূত্র ধরে রণবীর বলেছেন, ‘কোচ আমার বডি দেখে বলেন যে আমি যখন বোলিং করি, তখন মনে হয় কোনো কুস্তিগির বোলিং করতে আসছে। আর এই কথা বলে কোচ আমাকে এক মাসের জন্য বোলিং থেকে দূরে রাখেন। তিনি আমাকে বলেন যে কপিলের মতো অ্যাথলেটিক বডি বানানোর দিকে নজর দিতে। ধীরে ধীরে কপিল দেবের মতো অ্যাথলেটিক বডি বানাই। এরপর আমার বোলিং অ্যাকশনের ট্রেনিং শুরু হয়।’
কপিল দেবের মতো বোলিং অ্যাকশন আয়ত্ত করতে রণবীরকে অনেক ঘাম ঝরাতে হয়েছে। এই বলিউড নায়ক বলেছেন, ‘কপিলের মতো অ্যাকশন রপ্ত করার জন্য আমি রোজ চার ঘণ্টা ধরে ক্রিকেটের অনুশীলন করতাম। এই অনুশীলনপর্ব ছয় মাস ধরে চলেছিল। এ ছাড়া দু-তিন মাস শুটিং চলাকালে ঘণ্টার পর ঘণ্টা ধরে ক্রিকেট খেলতাম। এই সময়ে আমার একাধিকবার চোট লেগেছে। কিন্তু আমি তখন কপিল হয়ে ওঠার জন্য মরিয়া ছিলাম।’
রণবীর বলেছেন, ‘কপিলপ্রেমীরা দেখতে পাবেন যে আমি তাঁর মতো বোলিং অ্যাকশন ঠিকঠাক করতে পেরেছি কি না। আর সব থেকে জরুরি ছিল যে কপিলের আমার বোলিং অ্যাকশন যেন ঠিক লাগে। আর আমার নিজের তুষ্টিও জরুরি ছিল। তবে এই প্রসেসের মধ্যে আমি একজন ভালো বোলার হয়ে উঠেছি।’
রণবীর সিং ‘৮৩’ ছবির জন্য বলবিন্দার সিং সান্ধুর ছত্রচ্ছায়ায় কোচিং করেছিলেন। কপিল দেবও এই বলিউড তারকাকে নানানভাবে গাইড করেছেন। কপিল দেব এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রণবীর মহান এক অভিনেতা। আমার মনে হয় না যে ওর আমার পরামর্শ বা কোনো ধরনের সাহায্যের প্রয়োজন। ও আমার সঙ্গে অনেক সময় কাটিয়েছে। আর বাকিটা ও নিজেই করে নিয়েছে।’ ‘৮৩’ ছবির পরিচালক কবির খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কপিল দেবের শারীরিক ভাষা, আদবকায়দাসহ আরও নানান কিছু রপ্ত করার জন্য রণবীর তাঁর (কপিল দেব) ছায়াসঙ্গী হয়ে উঠেছিল। এমনকি কপিলের কোনো অফিশিয়াল মিটিং রুমে রণবীর পৌঁছে যেত। আর ঘরের এক কোণে বসে কপিল দেবকে চুপচাপ লক্ষ করত।’