রোজগার কমে যাওয়াটাও চ্যালেঞ্জ ছিল

বলিউড অভিনেত্রীদের মধ্যে সব থেকে বেশি রোজগার এখন দীপিকার। এমনকি ১০০ কোটি রুপিরও বেশি আয় হয়েছে এমন পাঁচটি ছবির গর্বিত নায়িকা তিনি। বলিউডের নারী চরিত্রকেন্দ্রীক সবচেয়ে সুপারহিট সিনেমা ‘পিকু’ তাঁর করা। অথচ বলিউডে তাঁর শুরুটা কিন্তু এমন ছিল না। মুক্তি পাওয়ার পরপরই ‘ওম শান্তি ওম’, ‘লাভ আজ কাল’ ছবিগুলো যখন ডুবতে বসেছিল, সাফল্যের চূড়ায় ভেসে থাকা এই অভিনেত্রী তখন হয়ে পড়েছিলেন ভীষণ অসহায়। নিন্দুকেরা তাঁকে প্রায় মাটিতে মিশিয়ে দিয়েছিল। তারপরেও ভেঙে পড়েননি তিনি।
নিজের সাফল্য নিয়ে দীপিকা বলেন, ‘আমার সিনেমা ভাগ্য সত্যিই ভালো। চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর যে, সব সময় আমি এর সঙ্গেই থাকতে চাই। এমনকি যখন রোজগার কমে গিয়েছিল, সেই অবস্থাকেও একটা সুস্থ প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করে গেছি। কঠোর পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি বটে, তবে যে কাজই করা হোক না কেন সেটাকে উপভোগ করতে হয়, সেটার প্রতি ভালোবাসা থাকতে হয়। এটাই আমার সব থেকে বড় শিক্ষা।
ভারতের বিভিন্ন অঙ্গনের সফল ও শক্তিমান নারীদের অংশগ্রহণে বুধবার ‘ওমেন অব ওর্থ ২০১৫’ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলিউডের সব থেকে সফল অভিনেত্রী হিসেবে সেখানে একমাত্র তিনিই আমন্ত্রণ পান। নিজের সাফল্য নিয়ে বিনয়ের সঙ্গেই তিনি বলেন, ‘এখানে অনেক নারী আছেন যাঁদের দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি। জিয়া মোদি তাঁদের অন্যতম। তাঁদের একজন হতে পারাটাও একটি বিরাট সাফল্য। এই নারীদের মতো সফলদের মধ্যে হাজির হতে পারাটাও একটা দারুণ অনুভূতি।’
তাঁর পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে কয়েকজন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী। দীপিকা বলেন, ‘ফারাহ খান থেকে শুরু করে শাহরুখ খান, ইমতিয়াজ সবার প্রতি আমি কৃতজ্ঞা। প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই তাঁরা আমাকে নতুন ছবিতে কাজ দিয়েছেন। এমনকি প্রথম কাজটি না দেখেই কেউ কেউ আমাকে তাঁদের ছবিতে কাজের সুযোগ দিয়েছেন।’
শিগগির মুক্তি পাচ্ছে দীপিকার দুটি নতুন ছবি ‘তামাশা’ এবং ‘বাজিরাও মাস্তানি’। ইন্ডিয়ান এক্সপ্রেস ও জিনিউজ