লকডাউনে পুলিশের সঙ্গে বিজয়

করোনায় লকডাউন ভারত। এই সময়ে রাস্তায় দিনরাত কাজ করে যাচ্ছে দেশটির পুলিশ বাহিনী। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবার হায়দরাবাদ পুলিশের সঙ্গে যুক্ত হলেন তেলুগু তারকা বিজয় দেবারাকোন্ডা। পুলিশও নিজেদের পাশে একজন তারকাকে পেয়ে জনগণের সেবা করতে আরও উৎসাহিত বোধ করছে।
করোনাকালে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন পুলিশ, চিকিৎসক, নার্স। সবাইকে তাঁদের পাশে থাকার অনুরোধ করেছেন বিজয় দেবারাকোন্ডা। তেলেগু সিনেমার এই তারকাকে দেখা গিয়েছিল ‘অর্জুন রেড্ডি’, ‘ডিয়ার কমরেড’-এর মতো ছবিগুলোতে। বাংলাদেশে চলচ্চিত্রপ্রেমীদের ফেসবুক গ্রুপগুলোতে ঢু মারলেই আঁচ করা যায়, তেলেগু ছবির এই অভিনেতা এখানেও বেশ জনপ্রিয়।
হায়দরাবাদ পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘পুলিশ আমাদের জন্য কী না করছে। ১২ ঘণ্টার শিফট করে তাঁরা দায়িত্ব পালন করছেন হোমগার্ড থেকে কমিশনার পর্যন্ত সবাই। এই সময়ে যা দরকার, সবকিছু তাঁরা সরবরাহ করছে। তাঁরা অনুসন্ধান করছে, খুঁজে বের করছে কোথায় আক্রান্তরা এবং সংক্রমণ চেইন ভাঙার চেষ্টা করছে। ২৪ ঘণ্টাই তাদের হেল্পলাইন খোলা আছে। তাঁদের এই সেবার পেছনের গল্পগুলো হৃদয়কাড়া। তাঁদের নিয়ে পরিবারের লোকেরা উদ্বিগ্ন। পুলিশ সদস্যরা এই করোনাভাইরাসের এই সময়ে সংক্রমণ রুখতে দায়িত্বের চেয়ে বেশি কিছু ঢেলে দিচ্ছেন।’

বিজয় আরও লেখেন, ‘এই সময়ে হায়দরাবাদ পুলিশের কাছ থেকে তাদের সঙ্গে আলাপের একটি আমন্ত্রণ পাই। তাদের মনোবল বাড়াতে, মাঠে দায়িত্বে থাকা পুলিশের মাঝে হাসি ছড়িয়ে দিতে এই আলাপের আয়োজন। কেবল তাঁদের নয়, নিজেও আনন্দ নিয়ে ফিরেছি আমি। শুধু তাই নয়, তাঁরা আমাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।’
পুলিশ বাহিনীর পক্ষ থেকে এই উষ্ণ অভ্যর্থনার জন্য বিজয় তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজয় লেখেন, ‘আপনাদের সঙ্গে এক ঘণ্টা আলাপ ছিল আক্ষরিক অর্থে আমার জন্য অসাধারণ সম্মান। আমাদের পুলিশ বাহিনীকে শক্তিশালী ও স্বাস্থ্যবান থাকা প্রয়োজন। কারণ এই মহামারি মোকাবিলায় তারাই আমাদের অধিনায়ক। আমি প্রতিজ্ঞা করেছি, তাঁদের সাহায্য করব। আমি চাই আমরা আমাদের ডাক্তার, পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করব, বাড়িতে থেকে, নিরাপদে থেকে।’
‘অর্জুন রেড্ডি’ দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান বিজয় দেবারাকোন্ডা। তেলুগু এই সিনেমা বলিউডে ‘কবির সিং’ নামে হিন্দিতে নির্মিত হয়। বলিউড তারকা শহিদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত সেই ছবিটিও দারুণ সাফল্য পায়। বিজয় আরও অভিনয় করেছেন ‘মহা নটি’, ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’সহ বেশ কিছু ছবিতে।