লতাজি আমার অনুপ্রেরণা : বানসালি

‘বাজিরাও মাস্তানি’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি তাঁর পরের ছবি উত্সর্গ করলেন একজন শিল্পীকে। এই শিল্পী আর কেউ নন, তাঁরই আইডল লতা মুঙ্গেশকর। চলচ্চিত্র নির্মাণে তাঁর কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছেন।
এ বছরের এপ্রিলে বানসালি লতা মুঙ্গেশকরের বাবা পণ্ডিত দিননাথ মুঙ্গেশকর অ্যাওয়ার্ড পান। তিনি বলেন, ‘এমন সম্মানীয় পুরস্কার এর আগে আমি পাইনি।’ বানসালির মন খারাপ হয়ে যায়, যখন শুনতে পান লতাজির হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করতে পারছেন না। অনুষ্ঠানে পুরস্কার দেন লতা মুঙ্গেশকরের বোন আশা ভোসলে। কিন্তু তাঁর কাছে সবচেয়ে বড় বিষয় ছিল, তাঁর ভাষায়, ‘লতাজি আমার সঙ্গে আধঘণ্টা ফোনে কথা বলেন। আমার জীবনে শিল্পী হিসেবে এটা ছিল সেরা মুহূর্ত।’
সঞ্জয় আরও বলেন, ‘আমি এটা বারবার বলছি যে আমি চলচ্চিত্র তৈরি করতে শিখেছি তার কণ্ঠ শুনে। তাঁর কণ্ঠে প্রত্যেক মানুষের আবেগকে পাওয়া যায়। আর তিনি তা নিঁখুতভাবে পরিবেশন করতে পারেন।’
বানসালি বলেন, ‘আমি আমার চলচ্চিত্রে আবেগকে উঁচু তারে বাঁধার চেষ্টা করি। আর এই উঁচু তারে বাঁধা একমাত্র লতা মুঙ্গেশকরের পক্ষে সম্ভব। আমিও সেটা অর্জন করার চেষ্টা করছি।’ ডিএনএ