লন্ডনে কী করছেন অক্ষয় কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার
অক্ষয় কুমার

দিন কয়েক আগে এক অনুষ্ঠানে রসিকতা করে হলেও স্ত্রীর কাছে গালমন্দ খাওয়ার কথা বলেছিলেন তায়কোয়ান্দোতে ব্ল্যাকবেল্ট পাওয়া বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার। স্ত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে তাঁর অম্লমধুর সম্পর্ক নিয়ে তেমন কানাঘুষা না থাকলেও অক্ষয়ের সাম্প্রতিক ‘সিং ইজ ব্লিং’ ছবির অভিনেত্রী অ্যামি জ্যাকসনের প্রতি তাঁর টানটা একটু ‘বিশেষ’ বলেই মনে করছেন বলিউডের অনেকে। এর মধ্যে আবার বর্তমানে অক্ষয় ও অ্যামি দুজনেই একই সময়ে লন্ডনে হাজির। দুজনের একই সময়ে লন্ডনে থাকার এই বিষয়টাই সম্ভবত আগুনে ঘি ঢেলেছে।
‘সিং ইজ ব্লিং’ ছবির শুটিংয়ের সময় থেকেই অক্ষয়-অ্যামির বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। এ ছবির শুটিংয়ে উপস্থিত ছিলেন এমন একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ছবির গানের দৃশ্যে অ্যামিকে কেমন দেখাবে অক্ষয় শুধু তারই তদারকি করেননি, অ্যামি যে পোশাক পরে গানের শুটিংয়ে অংশ নেবেন সে পোশাকপরিচ্ছদ হাতে ধরেও পাশে দাঁড়িয়েছিলেন।
জানা গেছে, অক্ষয় এখন লন্ডনে আছেন ‘হাউসফুল-৩ ছবির শুটিংয়ের জন্য। কিন্তু অ্যামি জ্যাকসন সেখানে কী করছেন? এ প্রশ্নের উত্তরে অ্যামি জ্যাকসনের ঘনিষ্ঠজনেরা নিশ্চয়ই বলে উঠবেন— আরে, লন্ডনই তো অ্যামির নিজের শহর। অ্যামি যে সেখানে যাবেন এটাইতো স্বাভাবিক।
এত কিছু প্রমাণের পর বলিউডের নিন্দুকেরা অবশ্য মাথা চুলকে বলছেন— হতে পারে বিষয়টা কাকতাল। আবার অনেকে এও বলছেন, এ দুজনের একই সময়ে লন্ডনে থাকার পেছনে তাঁদের ছবির প্রচারের বিষয়টিও থাকতে পারে।