লন্ডনে ক্যানডিড কমিউনিকেশনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমাজন অভিযান’ ছবির দৃশ্য
‘আমাজন অভিযান’ ছবির দৃশ্য

লন্ডনসহ যুক্তরাজ্যে বাংলা ছবির বাজার তৈরি করতে এগিয়ে এসেছে কলকাতার ক্যানডিড কমিউনিকেশন। লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বাংলা ছবির মুক্তি দেওয়ার জন্য যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটির লন্ডন শাখা। লন্ডনে ক্যানডিড কমিউনিকেশনের কর্ণধার সায়ন্তন দাস অধিকারী গতকাল রোববার প্রথম আলোকে জানান, ‘আমাজন অভিযান’ ছবি দিয়ে এই যাত্রা শুরু হলো। এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির নির্মাতাদের সঙ্গে কথা বলছেন তিনি।

সায়ন্তন দাস অধিকারী বলেন, ‘যুক্তরাজ্যে ১০ লাখেরও বেশি বাংলা ভাষাভাষীর বাস। অথচ তাঁদের বাংলা ছবির ব্যাপারে তেমন ধারণা নেই। তাঁরা মনে করেন, উপমহাদেশের ছবি মানে হিন্দি ছবি। শুধু বাংলা ছবি নয়, বাংলা বইও আমরা পৌঁছে দেব বাঙালি পাঠকদের হাতে। বাংলা বইমেলার আয়োজনও করব।’

‘আমাজন অভিযান’ ছবিটি যুক্তরাজ্যের নয়টি এলাকার প্রেক্ষাগৃহ আর মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ১২ জানুয়ারি। ছবিটি দেখানো হবে ১০০টি স্ক্রিনে। সায়ন্তন দাস অধিকারী বলেন, কোনো বাংলা ছবির যুক্তরাজ্যে একযোগে মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম।

দেব অভিনীত ছবিটি ভারতে মুক্তি পেয়েছে গত ২২ ডিসেম্বর। ছবিটি দেব অভিনীত ‘চাঁদের পাহাড়’-এর সিক্যুয়াল। ছবিটি মুক্তি পেয়েছে বাংলা, হিন্দি, অসমিয়া, ওড়িয়া, তামিল ও তেলেগু ভাষায়। দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করছেন দেব, লাবণী সরকার, তমাল রায়চৌধুরী, ব্রাজিলের ডেভিড জেমস, রাশিয়ার সুভিয়েতলানা গুলাকোভা, এদুয়ার্দো মুন্নিজ প্রমুখ। পরিচালনা করেছেন কমলেশ্বর মুখার্জি। ছবির কিছু অংশের শুটিং হয়েছে আমাজনে।