লাঞ্ছিত হলেন বানসালি

চিতোরের রানি পদ্মাবতীকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগে বন্ধ হলো পদ্মাবতী সিনেমার শুটিং। শুধু তা-ই নয়, গত শুক্রবার শুটিং চলাকালে রাজপুত উগ্রবাদীরা ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে লাঞ্ছিত করেন।
রাজস্থানের আমের ও জাইগারহ দুর্গে পদ্মাবতী সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং চলছিল। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও শুক্রবার সন্ধ্যায় সেখানে হামলা করে রাজপুত উগ্রপন্থীদের একটি দল। ‘করনি সেনা’ নামের ওই সংগঠনের কর্মীরা পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে শারীরিকভাবেও হেনস্তা করেন।
পদ্মাবতী ছবিটি নিয়ে শুরু থেকেই রাজপুতদের সঙ্গে বিতর্ক চলছে। ছবিতে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আরও অভিনয় করছেন শহিদ কাপুর ও রণবীর সিং।
ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের অনেক তারকা। এই দলে আছেন নির্মাতা করণ জোহর, ফারহান আখতার, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বলিউড হাঙ্গামা।