লাঠি ছেড়ে তলোয়ার ধরলেন সালমান!

বলিউড ব্লক ব্লাস্টার ‘বজরঙ্গি ভাইজান’ ছবির রেশ কাটতে না কাটতেই সালমান খান আসছেন তাঁর ‘প্রেম রতন ধন পায়ো’ ছবি নিয়ে। তবে এবারে আর বজরঙ্গি ভাইজানের সেই নিরীহদর্শন তীর্থযাত্রীর লাঠি নয়; ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির ‘প্রেম’ হাতে নেবেন ধারালো তলোয়ার।
সালমান ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে অভিনয় করছেন ‘প্রেম’ চরিত্রে। ছবির কাহিনি ও চরিত্রের প্রয়োজনে এই ছবিতে তলোয়ার যুদ্ধের একটি দীর্ঘ দৃশ্য আছে। মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে নিখুঁতভাবে তলোয়ার যুদ্ধের বিষয়টি উপস্থাপনের জন্য সালমান খান তলোয়ার চালনা শিখতে ও চর্চা করতে টানা তিন সপ্তাহ তলোয়ার চালনার তালিম নিয়েছেন। ছবিসংশ্লিষ্ট একজন জানিয়েছেন, অসি বা তলোয়ার চালনার বিষয়টি সালমান খান শুটিংয়ের ফাঁকে ফাঁকেও চর্চা করেছেন।
‘প্রেম রতন ধন পায়ো’ ছবি এবং এই ছবিতে তাঁর চরিত্রটি প্রসঙ্গে সালমান খান জানিয়েছেন, লড়াইয়ের (অ্যাকশন) বিষয়টির সঙ্গে আবেগ না থাকলে তা নিছক মারপিটই হয়ে পড়ে। তিনি বলেন, সুরজ বরজাতিয়ার ছবিতে লড়াইয়ের বিষয়টির সঙ্গে জুড়ে থাকে আবেগ আর দৃশ্যগুলো হয় কবিতার মতো।
দিওয়ালি বা দীপাবলি উৎসব উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটির। যদিও এরই মধ্যে এ ছবি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির তেলেগু বা তামিল সংস্করণে রাখা নাম ‘প্রেম লীলা’ নিয়ে সেখানকার সেন্সর বোর্ড আপত্তি তুলেছেন। এ কারণে ছবির মুক্তি বিলম্বিত হতে পারে বলেও অনেকে ধারণা করছেন। তবে হিন্দি সংস্করণটি নিয়ে সেন্সর বোর্ড এমন কোনো আপত্তি তোলেনি। ১২ নভেম্বর ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি মুক্তি পাওয়ার কথা।
প্রসঙ্গত, এ ছবির প্রচারের জন্য নির্মাতা সুরজ বরজাতিয়ার সঙ্গে এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারের পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানেও সফর করছেন এ ছবির জুটি সালমান খান এবং সোনম কাপুর। টিএনএন। এনডিটিভি।