লাল শিফনের আঁচল উড়িয়ে ইনস্টাগ্রামে আনুশকা!

ইনস্টাগ্রামে আনুশকা শর্মার সম্প্রতি পোস্ট করা ছবিটি দেখেছেন? যেখানে এক হাতে লাল শিফন শাড়ির আঁচল উড়িয়ে তিনি সবাইকে দেখাচ্ছেন তাঁর সামনের বরফে ঢাকা পাহাড়! অবশ্য এ ছবির ফ্রেমে আনুশকাকে পুরো দেখা যাচ্ছে না। ফ্রেমে শুধু রয়েছে তাঁর একটি হাত আর সে হাতে ধরা লাল শিফনের আঁচল। কী বোঝাতে চাইছেন আনুশকা!
হলিউডই হোক কিংবা বলিউড; আজকাল অধিকাংশ সংবাদমাধ্যমই যেন ওত পেতে থাকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেই। কেননা তারকারা ইদানীং সবার আগে তাঁদের নানা খবরের সূত্র, সংকেত আর ছবি সেখানেই প্রকাশ করে থাকেন।
সম্প্রতি এমনই একটি অর্থপূর্ণ অথচ হেঁয়ালিপূর্ণ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা। ছবিতে আনুশকার হাতে মেলে ধরা পরনের লাল শিফন শাড়ির আঁচল, সামনের সাদা বরফের পরিপ্রেক্ষিত অনেক কিছুই বোঝাতে চাইছে।

ছবিটি পোস্ট করার পাশাপাশি আনুশকা লিখেছেন, ভাবুন তো কী ঘটছে এখানে? কখনো ভাবিনি আমাকে এমনটা করতে হবে। এরপর হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিকে। এর অর্থ ছবিটি আনুশকা পোস্ট করেছেন তাঁর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিংয়ের এক মুহূর্তকে তুলে ধরতেই। দুই আর দুই এ চার মেলালে বিষয়টা পরিষ্কার। প্রথমত এটি একটি বরফ ঢাকা পাহাড়ি এলাকা। আর দ্বিতীয়ত; যেখানে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির কোনো শুটিংয়ে গেছেন তিনি।
ঘটনা আদতে তাই-ই। এ ছবির কস্টিউম ডিজাইনার মণীশ মালহোত্রা আগেই জানিয়েছিলেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে তিনি আনুশকাকে একেবারে নতুনভাবে উপস্থাপন করবেন। ইনস্টাগ্রামে দেওয়া আনুশকার এ ছবি যেন তারই আভাস দিয়েছে।
অবশ্য ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটা যেখানে তোলা সে জায়গার নামটিও জানিয়ে দিয়েছেন আনুশকা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিংয়ের জন্য আনুশকা শর্মারা এখন আছেন অস্ট্রিয়ায়। এ ছবিতে অস্ট্রিয়ার বরফ ঢাকা এক মনোরম জায়গার ভোরবেলার মুহূর্তটিই ফ্রেম বন্দী হয়েছে। যেখানে আনুশকা তাঁর লাল শিফন শাড়ির আঁচলটি হাওয়ায় উড়িয়েছেন।
কিন্তু ব্যক্তিগত মুহূর্ত বা অনুভূতির জানান দেওয়া ছাড়াও ইনস্টাগ্রামে এ ছবি পোস্ট করার অন্য একটি অর্থও করা যায়। ইদানীং অনেক তারকাই তাঁদের অভিনীত ছবি মুক্তির আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবির প্রচারের জন্য দৃষ্টি আকর্ষণ করে থাকেন। আনুশকাই বা বাদ যাবেন কেন!