লালগালিচায় অভিষেক?

দীপিকা পাড়ুকোন তো এখন আর শুধু বলিউডের নন, হলিউডেরও নায়িকা তিনি। তাঁর প্রথম হলিউডের ছবি ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেইজ-এর মুক্তির দিনক্ষণ তো ঘনিয়েই এসেছে। তাই হলিউড ঘিরে ব্যস্ততাও বেড়েছে এই তারকার। হলিউডে অভিষেকের আগে আগে তাই দীপিকার অভিষেক হতে যাচ্ছে আন্তর্জাতিক অনুষ্ঠানের লালগালিচায়।
এবারই প্রথম আন্তর্জাতিক কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হবেন এই তারকা। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডের লালগালিচায় হাঁটতে দেখা যাবে দীপিকাকে। তিনি শুধু দর্শক হিসেবেই আমন্ত্রণ পাননি; এই আসরে তিনি একটি বিভাগে বিজয়ীর হাতে পুরস্কারও তুলে দেবেন। আর সেই বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়োন্স, জাস্টিন বিবারের মতো তারকারা।
আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে এটাই দীপিকার প্রথম উপস্থিতি; তাই তিনি ভীষণ উচ্ছ্বসিত। দীপিকার ভক্তরাও দিন গুনছেন। প্রিয় অভিনেত্রী কী পোশাক পরে লালগালিচায় হাঁটবেন? কীভাবে সাজবেন? এ নিয়ে নানা জল্পনা–কল্পনা চলছে এখন ভক্তদের মনে।
বলিউডের আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অবশ্য এদিক থেকে এগিয়ে আছেন। এই বছর অস্কার, অ্যামি অ্যাওয়ার্ডের মতো বড় বড় পুরস্কার আসরের লালগালিচায় হাঁটার সুযোগ হয়েছিল তাঁর। প্রিয়াঙ্কা অভিনীত প্রথম হলিউড ছবি বেওয়াচও মুক্তি পাবে আগামী বছর। আর দীপিকার ছবিটি মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।