লুকিয়ে বিয়ে করবেন না সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও ইউলিয়া ভান্টুর
সালমান খান ও ইউলিয়া ভান্টুর

বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সালমানের ‘বন্ধু’ ইউলিয়া ভান্টুরকে। কোনো নারীকেই তাঁর বন্ধুর সম্পর্কে সেসব প্রশ্ন করা যায় না। কিন্তু বারবার সেই প্রশ্নগুলোই জানতে চাইছে ভারতের গণমাধ্যম। সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া এবার সেসব প্রশ্নের জবাব দিলেন। সালমানও ‘পরিষ্কার’ করলেন ঘটনা। জানালেন, লুকিয়ে বিয়ে করবেন না তিনি।
‘আপনারা নাকি চুটিয়ে প্রেম করছেন?’
‘বিয়েটাও নাকি গোপনে সেরে ফেলেছেন?’
বেশ ভারসাম্য রেখে স্পাই ম্যাগাজিনের এ প্রশ্নগুলোর জবাব দিয়েছেন ইউলিয়া। রোমানিয়ার মডেল ও টিভি ব্যক্তিত্ব ইউলিয়া বলেছেন, ‘আমরা প্রেম করছি না। আমরা কেবলই বন্ধু। বন্ধু মানে কিন্তু প্রেমিক-প্রেমিকা নয়। সময় হলে আপনারা সবই জানবেন। অযথা এটা-সেটা ভেবে কী লাভ!’
সালমান খান যেখানেই যাচ্ছেন, সেখানেই সঙ্গী হচ্ছেন ইউলিয়া। তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাৎ, সালমানের বোন অর্পিতা খান শর্মার জন্মদিন ও রাখিবন্ধনের অনুষ্ঠানেও ছিলেন ইউলিয়া, যেখানে উপস্থিত ছিল সালমানের পুরো পরিবার। ‘টিউবলাইট’ ছবির শুটিং স্পটে গিয়েও তাঁকে সঙ্গ দিয়েছেন এই বিদেশিনী। ফলে এসব প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে, আদৌ কি এসব বন্ধুত্বের পরিচায়ক, নাকি ‘অন্য কিছু’?
শুধু সালমানের দেশ ভারতেই নয়, ইউলিয়ার দেশ রোমানিয়াতেও এই দুজনের সম্পর্ক নিয়ে ছড়িয়েছে গুজব। এমনকি সেখানে ইউলিয়ার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘রয়্যাল মিসেস খান’ তকমা। স্পাই ম্যাগাজিনের ওই সাক্ষাৎকারের আগে এসব বিষয় নিয়ে বিস্তারিত কিছুই বলেননি সালমান। এবারে বললেন, ‘বিয়ে যখন করব, তখন জানতে পারবেন। আমি লুকিয়ে বিয়ে করব না।’
সালমান খান একটি মামলা থেকে জামিন পাওয়ার পরই সালমান-ইউলিয়াকে নিয়ে গুজব ছড়াতে শুরু করে। সেবার তাঁর বাবা সেলিম খান ও মা সালমা খান বলেছিলেন, শিগগিরই ছেলের বিয়ে দেবেন। তাঁরা এ–ও বলেছিলেন, সালমান ইউলিয়াকে পছন্দ করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে