লুকোচুরি করেন না আনুশকা

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যতটা সাধারণ মানুষের আগ্রহ থাকে, তারকারাও ঠিক ততটাই নিজেদের জীবনকে গোপনীয়তার চাদরে ঢেকে রাখতে চেষ্টা করে যান। এদিক থেকে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ব্যতিক্রম। কারণ, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে প্রেম, টানাপোড়েন কোনো কিছুই তিনি কখনো গোপন করেননি। আবার সম্পর্ক সবার সামনে জাহির করে বেড়ানোর পক্ষপাতীও নন তিনি। সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রেখেই চলতে পছন্দ করেন এই অ্যায় দিল হ্যায় মুশকিল তারকা।
এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘মানুষ হিসেবে আমি সৎ। অন্যের ইচ্ছায় আমি নিজের জীবন যাপন করি না। তাই নিজের ব্যাপারে আমার লুকানোর কিছু নেই। আমার জীবনে কী ঘটছে, এ বিষয়ে বলতে আমার কোনো সমস্যা হয় না। তাই বলে আবার নিজের জীবনের সবকিছু প্রকাশ করে দিতেও রাজি নই আমি।’
আনুশকা শর্মা মনে করেন, তারকা বলে তাঁকে নিয়ে অনেক কথাই হবে। ব্যক্তি ও অভিনয়জীবনে চড়াই-উতরাই তো থাকবেই। সেই সব থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যেতে চান ২৮ বছর বয়সী এই নায়িকা। তিনি বলেন, ‘আমি আমার জীবন সততার সঙ্গে যাপন করতে সক্ষম। আমি বুঝি, জীবনে উত্থান-পতন থাকবে। কেন এটা ঘটছে সেটা বুঝতে পারাটাই আমি জরুরি মনে করি, যেন ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়।’ হিন্দুস্তান টাইমস।