লোকটাকে কেউ চেনেন?

খুব চেনা চেনা মুখটা। বলিউডের অনেক জনপ্রিয় ছবিতেই তাঁকে দেখা গেছে। দারুণ মজার সব চরিত্রে অভিনয় করেছেন। ‘জাব উই মেট’ ছবিতে কারিনা কাপুরের ছোট চাচা, ‘দিল্লি সিক্স’ ছবিতে সোনম কাপুরের চাচা, ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে ফারহান আখতারের ওস্তাদ আর ‘যুদ্ধশিশু’ বা ‘চ্রিলড্রেন অব ওয়ার’ ছবির দুর্ধর্ষ পাকিস্তানি হানাদার আর সর্বশেষ ‘রুস্তম’ ছবিতে ‘ইন্সপেক্টর ভিনসেন্ট লোবো’—তাঁর অনেক চরিত্রই মনে গেঁথে আছে দর্শকদের। শুধু নামটাই তাঁর অনেকে জানেন না। পাকা এই অভিনেতার নিজের পরিচয় বারবারই তাঁর চরিত্রগুলোর ভিড়ে হারিয়ে যায়। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরও এ অভিনেতার নাম তাঁর নিজ দেশের অনেক মানুষই জানে না ঠিকমতো।

৩২ বছর ধরে অভিনয় করে যাচ্ছেন বলিউডে। ১৯৮৪ সালে ‘আব আয়েজা মাজা’ নামের ছবি দিয়ে শুরু। এরপর একে একে চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ—সবখানেই ছড়িয়ে পড়েন তিনি। কাজ করেছেন বুদ্ধদেব দাশগুপ্ত, শ্যাম বেনেগাল, সাঈদ আখতার মির্জা, সুভাষ ঘাই, দীপা মেহতা, ইমতিয়াজ আলীদের মতো নির্মাতাদের সঙ্গে। বাংলা ভাষায় নির্মিত ছবিতেও তাঁকে দেখা গেছে। কিন্তু ওই যে নামটাই জানেন না অনেক দর্শক।
তাঁদের জন্য বলে রাখি, তাঁর নাম পবন মালহোত্রা। ভারতের মঞ্চনাটকের জগতে অনেক খ্যাতি ৫৮ বছর বয়সী এ অভিনেতার। কিন্তু বরাবরই তাঁর নামকে ছাপিয়ে যায় তাঁর অভিনয় মেধা। তাঁর কাজে ও চরিত্রে বেঁচে থাকেন তিনি।