ল্যাকমের মঞ্চে বিদায়ী সুর

বিদায়ের সুর বেজে উঠল ‘ল্যাকমে ফ্যাশন উইন্টার ফেস্টিভ’-এর শেষ দিনে। এ দিনটিও জমজমাট ছিল নানান নকশার পোশাক ও তারকাদের দ্যুতিতে। শুরুতেই র্যাম্পে হাঁটেন বলিউড সুন্দরী কৃতি খারবান্দা। নাকিতা সিংয়ের সাদা-কালো গাউনে অপরূপা হয়ে উঠেছিলেন তিনি।
সৌম্যদীপ দত্তের ‘আলো’র আয়োজনে ছিল পুরুষ ও নারীদের উৎসবের পোশাক। বাঙালি এই নকশাকার আধুনিক সময়ে ফিরিয়ে আনলেন সাবেকি ধুতি-পাঞ্জাবিকে। উড়িষ্যার ইকত ও বাংলার কাঁথার সংমিশ্রণে নকশায় অভিনবত্ব আনেন সৌম্যদীপ। তাঁর নকশা করা ছাই-কালো রঙের ধুতি-পাঞ্জাবি পরে র্যাম্প মাতান বলিউড তারকা গুরমিত চৌধুরী।
এবারও রীতু কুমারের আয়োজনে ছিল হাল ফ্যাশনের পশ্চিমা পোশাক। নতুনত্ব ছিল পাশ্চাত্য পোশাকে এমব্রয়ডারির কাজ। রীতু কুমারের নকশা করা ফ্রকের ওপর নানান রঙের সুতো দিয়ে কাশ্মিরী, শাটিন ও কাঁথার কাজ বেশ অভিনব ছিল।
জয়ন্তী রেড্ডি ল্যাকমের মঞ্চে পুরোপুরি ফিরিয়ে আনেন উৎসবের মেজাজ। তাঁর আয়োজনে ছিল ঘাগরা-চোলি, প্লিটেড শাড়ি। হালকা পিচ রঙের ঘাগরা-চোলি পরে মঞ্চে স্নিগ্ধতা ছড়ান অভিনেত্রী অদিতি রাও হায়দারি। নকশাকার নুপুর কানোইয়ের পাশ্চাত্য পোশাকে ছিল নানা রঙের ফুলের সমারোহ। এ দিন বিভিন্ন শো-এর শো-স্টপার ছিলেন কিয়ারা আদভানি, লিসা হেডেন, ডায়না পেন্টি, সোনু সুদসহ আরও অনেকে।
গত শনিবার ল্যাকমে ফ্যাশন উৎসবের চতুর্থ রাতের শেষ আয়োজন ছিল আশিস ও সোনির কালেকশন। রাতের পার্টিতে কী পরবেন-তা-ই বলে দিলেন তাঁরা। কালো রঙের পোশাকই বেশি ছিল তাঁদের আয়োজনে। কালো পার্টি পোশাক পরে মঞ্চে আসেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফারনান্দেজ। দুবার র্যাম্পে হাঁটেন তিনি। দ্বিতীয়বার র্যাম্পে হাঁটার জন্য বেছে নেন সোনালি রঙের এক কাঁধ খোলা পার্টি জাম্প স্যুট।
নকশাকার কুনাল রাওয়াল ল্যাকমের মঞ্চে ফ্যাশন সম্পর্কে চিরাচরিত প্রথা ভাঙলেন। বলা যায়, পুরুষদের ফ্যাশনের ক্ষেত্রে বিপ্লব আনলেন এই তরুণ নকশাকার। গোলাপি রঙের শেরওয়ানি ছিল সে আয়োজনে। এমনকি তাঁর পুরুষ মডেলদের চোখে কাজল ও হাতে নেলপালিশ দেখা যায়। তাঁর ডিজাইন করা সাদা শেরওয়ানি পরে মঞ্চ মাতান বলিউড তারকা বরুণ ধাওয়ান। তাঁর চোখেও ছিল কাজল, হাতে নেলপালিশ। কুনালের প্রদর্শনী দেখতে উপস্থিত ছিলেন করন জোহর, অর্জুন কাপুর, সঞ্জয় কাপুর, মালাইকা অরোরা, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, ইশান খাট্টারসহ আরও অনেকে। পঙ্কজ ও নিধির নকশা করা কালো পোশাক পরে ল্যাকমের র্যাম্পে ঝড় তোলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতও।