শচীন ও তাঁর ভক্ত একই সিনেমায়

একই ছবিতে থাকবেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও তাঁর ভক্তরা। শুধু থাকতে হবে শচীনের সঙ্গে কোনো সেলফি কিংবা প্রিয় তারকাকে নিয়ে কোনো হইহুল্লোড়ের ভিডিও। হোক তা রাস্তায়, টিভির সামনে, স্টেডিয়ামে। প্রতিযোগিতায় জিতলে ভিডিওটি যুক্ত হবে শচীনের জীবনীভিত্তিক ছবিতে। থাকবে তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা।
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে শচীন টেন্ডুলকারের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘শচীন : আ বিলিয়ন ড্রিমস’। এরই মধ্যে বেরিয়েছে প্রথম টিজার। টিজারে ইতিবাচক সাড়া পাওয়ার পর এই প্রতিযোগিতার আয়োজন করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান কার্নিভ্যাল মোশন পিকচার ও ভারতের একটি ব্যাংক। এখানে ভক্তরা শচীনকে নিয়ে চমৎকার সব স্মরণীয় ভিডিও দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। শুধু তা–ই নয়, প্রতিযোগিতায় বিজয়ী ভিডিওটি যুক্ত করা হবে ছবির সঙ্গে। আর বিজয়ী সেই ভক্ত সরাসরি সাক্ষাতের সুযোগ পাবেন এ ক্রিকেট কিংবদন্তির সঙ্গে।
ভারতের যেকোনো শহর থেকে ভক্তরা ভিডিও আপলোড করতে পারবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস