শচীনের জীবনী নিয়ে ছবি মুক্তি পাবে ২৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকারকে নিয়ে তৈরি ছবি ‘শচীন: এ বিলিয়ন ড্রিম’ মুক্তি পাবে আর মাত্র ৭ সপ্তাহ পর। ২৬ মে এই মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। নির্মাতারা চাইছেন দারুণ এক মুক্তির ব্যবস্থা করতে। ভারতের পাশাপাশি ছবিটির আন্তর্জাতিক মুক্তিও হবে। নামকরা পরিবেশক অনিল থাডানি শচীনের কাছ থেকে পরিবেশনার স্বত্ব নিয়েছেন। এই অনিলই করন জোহরের সঙ্গে ‘বাহুবলি’ ছবির হিন্দি সংস্করণ পরিবেশনার দায়িত্বও নিয়েছেন।

ছবিটির প্রযোজক রবি ভাগচান্ডকা শচীনের ঘনিষ্ঠ বন্ধু। তিনি বলেছেন, শচীনের জীবনীনির্ভর ছবিটির সঙ্গে অনিল যুক্ত হওয়ায় আমরা খুবই উল্লসিত। আমরা দারুণ এক আন্তর্জাতিক মুক্তির অপেক্ষায় আছি।’ বলে রাখা ভালো, ছবির পরিচালক জেমস এরসকিনসহ কলাকুশলীদের বেশির ভাগই বিদেশি।
শচীন কিন্তু ছবিটি নিয়ে লেগে ছিলেন। প্রথম চিত্রনাট্যটি কীভাবে আরও ঋদ্ধ করা যায়, তা নিয়ে মাথা ঘামিয়েছেন। ছবি নির্মাণের প্রতিটি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই লিটল মাস্টার। কে না জানে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই দারুণ খুঁতখুঁতে শচীন। ছবির ব্যাপারেও তাঁর এই পারফেকশনিস্ট ইমেজের প্রতি নিষ্ঠাবান ছিলেন তিনি। চিত্রনাট্য পরিবর্তন করিয়ে বাঘা বাঘা চলচ্চিত্র-বোদ্ধাদের দেখিয়েছেন শচীন, তাঁরা মত দেওয়ার পরই পরিবর্তিত চিত্রনাট্য নিয়ে কাজ হয়েছে।
রবি ঘটনাটি স্বীকার করে বলেছেন, ‘শচীন সব সময়ই খুঁতখুঁতে। যখন খেলত, তখন থেকেই সে এ রকম। সুতরাং এতে অবাক হওয়ার কিছু নেই।’
‘শচীন: এ বিলিয়ন ড্রিম’ ছবির কাজ শুরু হয়েছিল সাড়ে তিন বছর আগে। ছবিটি মুক্তি পেলে তা যে সারা বিশ্বে ছড়িয়ে থাকা এই অসাধারণ ক্রিকেটারের ভক্তদের জন্য এক অনন্য উপহার হবে, সে কথা বলাই বাহুল্য। দ্য এশিয়ান এজ