শত সংকটের মাঝেও প্রাণ ভরে বাঁচতে চান শিল্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পা শেঠি
ইনস্টাগ্রাম

পর্নোগ্রাফি মামলায় এক মাসের বেশি জেলবন্দী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ১৯ জুলাই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ রাজকে গ্রেপ্তার করে। তার পর থেকেই কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শিল্পা। হাজার ঝড়ঝাপটার মধ্যেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন এই বলিউড অভিনেত্রী। চেষ্টা করছেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার।
কিছুদিন আগে ‘সুপার ড্যান্সার চ্যাপটার ফোর’-এর মঞ্চে ফিরেছেন শিল্পা। এই নাচের রিয়েলিটি শোর বিচারকের আসনে নিয়মিত দেখা যেত তাঁকে। রাজ গ্রেপ্তার হওয়ার পর থেকে এই রিয়েলিটি শো থেকে নিজেকে দূরে রেখেছিলেন শিল্পা। আবার ‘সুপার ড্যান্সার’-এর বিচারকের আসনে উজ্জ্বল তিনি। তাই সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে মূল স্রোতে ফিরছেন শিল্পা।

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
ইনস্টাগ্রাম

এক ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি নিজের নিদারুণ যন্ত্রণার কথা শেয়ার করলেন এই বলিউড নায়িকা। স্টোরিতে একটা বইয়ের পাতা শেয়ার করেছেন শিল্পা। এই স্টোরির মাধ্যমে তিনি নেতিবাচক আর বিষণ্ন সময়ে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এই ইনস্টা স্টোরির মাধ্যমে শিল্পা বলেছেন, ‘জীবনের ক্ষেত্রে আমরা “পজ” বোতাম দাবাতে পারি না। জীবনের প্রতিটা দিনই খুব গুরুত্বপূর্ণ, হোক তা ভালো বা খারাপ সময়। আমাদের জীবনে যখন খুব সংকটময় এবং কঠিন সময় আসে, তখন কি আমরা সত্যি সত্যি এই সময়টাকে মুছে দিতে পারি?

শিল্পা শেঠি
ইনস্টাগ্রাম

যা কিছু ঘটুক না কেন, জীবনের ঘড়ি নিজের মতো করে চলতে থাকে। একমাত্র জিনিস যা আমাদের সঙ্গে থাকে তা হলো সময়। আর তাই ওই সময়কে চিরতরে জীবন থেকে মুছে ফেলার বদলে প্রতিটা মুহূর্ত বেঁচে থাকা জরুরি। আমার মন যতই সময়কে মুছে দেওয়ার কথা বলুক না কেন, আমি কিন্তু জীবনের প্রতিটা মুহূর্ত প্রাণ ভরে বাঁচতে চাই।’ এই পোস্টের মাধ্যমে শিল্পা বলেছেন, ‘যতটা সম্ভব প্রতিটা মুহূর্ত আমি প্রাণ ভরে বাঁচার চেষ্টা করব।’