শত্রুঘ্ন সিনহার বাসায় গুলি!

মুম্বাইয়ের জুহুতে বলিউডের বরেণ্য অভিনেতা ও লোকসভার সদস্য শত্রুঘ্ন সিনহার বাসায় গতকাল শনিবার সকালে গুলির আওয়াজ পাওয়া গেছে। শত্রুঘ্ন সিনহার ফ্ল্যাটটি এই ভবনের অষ্টম তলায়। বাড়িটির নাম ‘রামায়ণ’। ওই সময় তিনি বাসাতেই ছিলেন। এরপর তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই স্থানীয় পুলিশ স্টেশন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সেই বাসায় কর্তব্যরত পুলিশ কনস্টেবলের সার্ভিস রিভলবার থেকে এই গুলি হয়েছে। আর তা আকস্মিকভাবে ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এরপর সেই পুলিশ কনস্টেবলকে ওই বাসা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। তবে আজ রোববার সংবাদমাধ্যমে খবরটি জানাজানি হয়।
এ ঘটনার পর অনেকেই প্রশ্ন করেছেন, শত্রুঘ্ন সিনহার বাসায় পুলিশের প্রহরা কেন? জানা গেছে, বলিউডের এ অভিনেতা লোকসভায় বিজেপি দলীয় সাংসদ। বিহারের পাটনা সাহেব লোকসভা কেন্দ্র থেকে থেকে তিনি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন। এ কারণেই শত্রুঘ্ন সিনহার জুহুর বাসার সামনে ২৪ ঘণ্টা পুলিশ কনস্টেবল মোতায়েন রাখা হয়।