শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন রাধিকা!

চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে নানা বিব্রতকর মুহূর্তের শিকার হওয়ার অভিজ্ঞতা বহু অভিনেতা-অভিনেত্রীর হয়। এমনি এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি বড় ব্যানারের ছবিতে কাজ পাইয়ে দেওয়ার জন্য এক ব্যক্তির শয্যাসঙ্গী হতে বলা হয়েছিল। সম্প্রতি এই বিস্ফোরক মন্তব্যটি করেছেন ভিন্ন ধারার অভিনেত্রী রাধিকা।
রাধিকা বলেছেন, ‘আপনিও জানেন, আমিও জানি, বলিউডে নানা রকম কাস্টিং কাউচের শিকার হন অনেকে। বহু মানুষকে এ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমারও এ রকম অভিজ্ঞতা রয়েছে। আমি ভাগ্যবান, যে লোকগুলো আমাকে কুপ্রস্তাব দিয়েছে, তাদের সঙ্গে দেখা করিনি।’
এরপরই নিজের অভিজ্ঞতার কথা জানান রাধিকা। তিনি বলেন, ‘একবার দক্ষিণ ভারতে এক নামজাদা অভিনেতা আমাকে একদিন ফোন করে বাসায় নেওয়ার চেষ্টা করছিলেন। আমি তাঁকে অপমান করে ফোন রেখে দিই। এরপর তিনি আর আমাকে বিরক্ত করেননি। আরেকবার মনে আছে, আমাকে শয্যাসঙ্গী হতে বলা হয়েছিল। একদিন একটি ফোন পাই। ওপারের লোকটি বলে, তারা বলিউডে একটি ছবি করছে। আমাকে দেখা করতে হবে। পরের প্রশ্নটাই ছিল, কারও সঙ্গে বিছানায় যেতে বললে আপনার অসুবিধে নেই তো? আমি বলেছিলাম, আপনি খুব মজা করতে পারেন। না, ও রকম নই। নরকে যান।’
ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসিত অভিনেত্রী হিসেবে নিজের স্থান করে নিয়েছেন রাধিকা আপ্তে। অভিনয়ের সঙ্গে গ্ল্যামারের পাল্লায়ও তাঁর সহজাত উপস্থাপনা উত্তাপ ছড়িয়েছে বড় পর্দায়। তবে এই ‘আবেদন’ প্রায়ই বিতর্কে ফেলেছে তাঁকে বিভিন্ন সময়। এসব বিতর্ক নিয়ে অবশ্য রাধিকা তেমন উচ্চবাচ্য কখনোই করেননি। সূত্র: ইন্ডিয়াটাইমস