শর্ত মেনেই বিয়ে হয় কারিনা-সাইফের!

বলিউডের বহুল আলোচিত তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। তাদের প্রেমের শুরু ২০০৭ সালে। পাঁচ বছর মন-দেওয়া নেওয়ার পর ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন পতৌদির নবাব সাইফ আলী খান এবং ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। কিন্তু সম্প্রতি এই দুই বলিউড তারকার বিয়ে নিয়ে গোপন থাকা একটি রহস্য ফাঁস হয়েছে। আর তা জানিয়েছেন ‘ফেবিকল ছে’ গানের তারকা কারিনা কাপুর খান।
পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বিয়ের আগে সাইফকে শর্ত দিয়েছিলেন কারিনা। সেই শর্ত হলো, বিয়ের পর কারিনা অভিনয় চালিয়ে যাবেন এবং সাইফ তা সমর্থন করায় দুই তারকার বিয়ে হয়। বিশ্ব নারী দিবসের এক অনুষ্ঠানে কারিনা এই তথ্য জানান।
অর্জুন কাপুর ও কারিনা ‘কি অ্যান্ড কা’ ছবিতে অভিনয় করছেন। মুক্তির অপেক্ষায় (১ এপ্রিল) থাকা ওই ছবিতে কারিনার স্বামীর চরিত্রে আছেন অর্জুন। কিন্তু, বাস্তবে অন্যর গৃহিণী কারিনাকে রাতবিরাতে না কি ফোন করেন অর্জুন—এ নিয়ে বেশ চটেছেন পতৌদির ছোটে নবাব। রাগটা সরাসরি অর্জুন কাপুরের ওপর। কারণ গভীর রাতে একবার-দুবার নয়, নিয়মিতই নাকি কারিনাকে ফোন করেন তিনি ! এ নিয়ে বলিউড পাড়া বেশ সরগরম ছিল কয়েক দিন। এরপরই বিয়ে নিয়ে কারিনা এ কথা জানালেন।
নারী দিবসের ওই অনুষ্ঠানে কারিনা বলেন, ‘আজ আমি একজনের স্ত্রী। পুরো জীবনে আমি আমার কাজ করব, অর্থ উপার্জন করব এবং আমার স্বামী আমাকে সমর্থন করবে—শুধু এই শর্ত আমার ও সাইফের বিয়ে হয়।’ তিনি বলেন, আমার কাজ নিয়ে ওর (সাইফ) কোনো আপত্তি ছিল না। আজ আমি একই সঙ্গে কাজ করছি, আবার স্ত্রীর দায়িত্বও সামলাচ্ছি। আমার বরও এতে সম্পূর্ণ সহায়তা করছে।