শহিদের বিয়ে ১০ জুন!

দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রী মিরা রাজপুতের সঙ্গে বলিউডের অভিনেতা শহিদ কাপুরের বাগদান ও বিয়ের খবর আগেই ছড়িয়েছিল। বাগদানের খবর অস্বীকার করলেও, বিয়ের কথা-বার্তা চলছে বলে স্বীকার করেছিলেন শহিদও। চলতি বছরের শেষ নাগাদ বিয়ে করবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। সম্প্রতি এক খবরে মিড-ডে ডটকম জানিয়েছে, এই জুনেই শহিদের বিয়ের ঘণ্টা বাজতে যাচ্ছে। বিয়ের সম্ভাব্য তারিখটিও জানা গেছে— ১০ জুন। ইতিমধ্যে পুরোদমে বিয়ের বিভিন্ন প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
শহিদের বিয়ে প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘১০ জুন বিয়ের ব্যাপারে সম্মত হয়েছেন উভয় পরিবারের সদস্যেরা। ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পরিবারের সদস্য ও কাছের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে গাঁটছড়া বাঁধবে এ জুটি। পরে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে শহিদের চলচ্চিত্রশিল্পের বন্ধু ও সহকর্মীদের জন্য।’
অবশ্য, এদিকে শহিদের পরিবারের কাছের একটি সূত্র জানিয়েছে, শহিদ-মিরার বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি; তবে, বিয়ের সম্ভাব্য তারিখ হিসেবে আপাতত ১০ জুনকে নির্ধারণ করা হয়েছে। বিয়ের তারিখ নিয়ে উভয় পরিবারের সদস্যেরা আলাপ-আলোচনা করছেন। তবে এটা ঠিক যে, পুরোদমে বিয়ের প্রস্তুতি এগিয়ে চলেছে।
বলিউডের অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর বলিউডের আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শহিদের প্রেম ও বিচ্ছেদের খবর চাউর হয়েছিল। সম্ভবত এ কারণেই চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত নন, এমন কাউকে জীবনসঙ্গী নির্বাচন করেছেন ৩৪ বছর বয়সী এ তারকা অভিনেতা। শহিদের চেয়ে বয়সে ১৩ বছরের ছোট মিরা রাজপুত। বসন্ত ভ্যালি স্কুলে পড়া-লেখা শেষ করে দিল্লির লেডি শ্রীরাম কলেজে ইংরেজিতে স্নাতক করছেন তৃতীয় বর্ষের ছাত্রী মিরা।