শহিদের বিয়েতে কী উপহার দিলেন কারিনা?

সাবেক প্রেমিক শহিদের বিয়েতে কারিনা কাপুর কী উপহার দিলেন তা জানতে অনেকেই উন্মুখ ছিলেন। হতাশ করেননি কারিনা। শহিদকে বিয়েতে জানিয়েছেন ফুলেল শুভেচ্ছা।
বিয়ে পরবর্তী সংবর্ধনায় সস্ত্রীক সাইফ আলী খানকে আমন্ত্রণ পাঠিয়েছিলেন শহিদ। আমন্ত্রণ রক্ষা না করতে পারলেও নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে একটি ফুলের তোড়া আর একটি চিরকুট পাঠান নবাব পত্নী।
শহিদ কাপুর আর কারিনা কাপুরের প্রেমকাহিনির কথা হয়তো অনেকের জানা। কিন্তু কারিনা এখন নবাব পত্নী। ভারতের পতৌদির ছোট নবাব সাইফ আলী খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। কারিনার সঙ্গে শহিদের প্রেমের সেই সম্পর্ক চুকে গেছে আগেই। এরপর অবশ্য প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা, সোনাক্ষীর সঙ্গেও সম্পর্ক তৈরি হয়েছিল শহিদের। তবে দিল্লির মিরা রাজপুতেরই পাণিগ্রহণ করেছেন শহিদ। ৭ জুলাই সকালে ৪০ জন আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে দিল্লির গুড়গাঁওয়ে ওয়েস্ট গ্রিন ফার্ম হাউসে মালাবদল করেন শহিদ-মিরা। কড়া নিরাপত্তার মধ্যে আর্য সমাজ রীতি অনুযায়ী বিয়ে করেন তাঁরা।

পরে সন্ধ্যায় গুড়গাঁওয়ের ট্রাইডেন্ট হোটেলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে নবদম্পতিকে আশীর্বাদ জানান প্রায় ৫০০ আমন্ত্রিত অতিথি।
১২ জুলাই মুম্বাইয়ের প্যালাডিয়াম হোটেলে আরেকটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জমকালো ওই অনুষ্ঠানে শহিদের বন্ধু ও সহকর্মীদের আমন্ত্রণ জানান শহিদ। তবে সংবাদমাধ্যমগুলোর চোখ ছিল শহিদের সাবেক প্রেমিকাদের ঘিরে। কিন্তু শহিদের বিয়ের এই অনুষ্ঠানে তাঁদের কাউকেই দেখা যায়নি।
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেলেও বিশেষ দিনটিতে সাবেক প্রেমিককে বিশেষ বার্তা দিয়েছিলেন ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। শহিদকে উদ্দেশ করে এক সাক্ষাত্কারে কারিনা বলেন, ‘শহিদকে শুভকামনা জানাচ্ছি। বিয়ে চমত্কার একটি যাত্রা, অসাধারণ এক অনুভূতি। শহিদের জন্য আনন্দের একটি মুহূর্ত এটি। আমি তাঁর সুখী দাম্পত্য জীবন কামনা করি।’
শহিদের বিয়েতে দাওয়াত না পেলেও বিবাহোত্তর সংবর্ধনায় আমন্ত্রণ পান কারিনা-সাইফ। তবে সরাসরি সেখানে যাওয়ার পরিবর্তে বিশেষভাবে শুভেচ্ছা বার্তা পাঠানোকেই ভালো মনে করেন তাঁরা। পাঠিয়ে দেন ফুলের তোড়া আর শুভেচ্ছা চিরকুট। সাবেক প্রেমিকের বিয়েতে গিয়ে তার চোখে চোখ পড়ার চেয়ে এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে? (টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ)